টেকনাফে শতাধিক বোমা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ২
ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে শতাধিক বোমা বা আইইডি, বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল।২১ নভেম্বর শনিবার রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়। ২২ নভেম্বর রোববার সকালে বিজিবির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি জানানো হয়।বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের রামু সেক্টরের অধীন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়। এসব সামগ্রী পাচারে ব্যবহৃত যানবাহনও জব্দ করা হয়েছে।বিজিবির প্রাথমিক তথ্য অনুযায়ী, দেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতার পরিকল্পনায় একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছিল বলে ধারণা করা হচ্ছে।অভিযানে আটক দুজনই অটোরিকশাচালক। স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁরা টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুলবিল এলাকার মো. ইব্রাহিম ও নতুন পল্লানপাড়া এলাকার মেহেদী হাসান।অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার রামু বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম।তিনি বলেন, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।এদিকে, উদ্ধার হওয়া সামগ্রী ও আটকদের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে বিজিবির পক্ষ থেকে পরবর্তী সময়ে আরও তথ্য প্রকাশের কথা রয়েছে।এটিভি/এসআইআর