অনলাইন ডেস্ক: ‘বন্দুকযুদ্ধের’ সাজানো গল্প তৈরি করে ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনিকে খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের অনুরোধ বা চাহিদার ভিত্তিতে বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চাহিদার ভিত্তিতে পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সোপর্দ করা হবে।
আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ঝালকাঠি জেলায়। সর্বশেষ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার গাজীপুরে কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন জনি। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে ধরে নিয়ে যায় পুলিশ। সে সময় ছাত্রদল নেতা মহিউদ্দিনও তার সঙ্গে ছিলেন। পরদিন ভোররাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে নিয়ে জনিকে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের সাজানো ঘটনায় প্রাণ হারাতে হয়।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক দৃশ্যপট বদলে যাওয়ার পর ওই বছরের সেপ্টেম্বরে এ হত্যাকাণ্ডের বিচার চেয়ে মামলা করেন জনির বাবা মো. ইয়াকুব আলী। দায়ের করা মামলায় সাবেক ও বর্তমান ১৩ জন পুলিশ কর্মকর্তার পাশাপাশি মোট ৬২ জনের নাম যুক্ত করা হয়। এদের মধ্যে ৪৯ জনই আওয়ামী লীগ এবং এর বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী। এর বাইরে অজ্ঞাতপরিচয় আরও ২০ জনকে এই মামলার আসামি হিসেবে দেখানো হয়েছে।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available