অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী।
২১ নভেম্বর শনিবার সকাল ১০টায় বাঞ্ছারামপুরের মাওলাগঞ্জ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা সভায় অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর (অব.) এস এম সাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ম ম ইলিয়াস, সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সালে মুসা, উপজেলা কল্যাণ সমিতির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, বাঞ্ছারামপুর গণসংহতি আন্দোলনের সমন্বয়ক শামীম শিবলীসহ অন্যান্য অতিথিরা।
এসময় শিক্ষকরা উপজেলার মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। তারা বলেন, বিদ্যালয়ের কার্যক্রম আরও কার্যকর করতে ক্লাস রুটিন পুনর্নির্ধারণ করা প্রয়োজন। তারা সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময়সূচি নির্ধারণের প্রস্তাব দেন। এর সঙ্গে সংগতি রেখে মধ্যাহ্ন বিরতি বাতিল এবং শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালুর দাবি জানান। তাদের মতে, মিড ডে মিল চালু হলে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত হবে এবং উপস্থিতিও বাড়বে।
শিক্ষক-শিক্ষার্থী অনুপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষকরা বলেন, বর্তমান অনুপাত যথাযথ নয়। এতে পাঠদান ও শিক্ষার্থীদের প্রতি মনোযোগ ব্যাহত হচ্ছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। এ ছাড়া শিক্ষার্থীদের শিখন অগ্রগতি ও শৃঙ্খলার স্বার্থে নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজনের গুরুত্ব তুলে ধরেন তারা। তাদের মতে, শিক্ষক ও অভিভাবকের মধ্যে নিবিড় যোগাযোগ থাকলে শিক্ষার্থীদের ফলাফল ও আচরণে ইতিবাচক পরিবর্তন আসে।
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি, নতুন পে-স্কেলের সঙ্গে সমন্বয় করে বেতন নির্ধারণ, অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাস নেয়ার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ দেয়াসহ অন্যন্য বিষয়ে মতামত ব্যক্ত করেন।
অবকাঠামোগত সমস্যা নিয়েও সভায় আলোচনা হয়। শিক্ষকরা বিদ্যালয়ের নিরাপত্তা ও শিক্ষার্থীদের সুরক্ষার স্বার্থে বাউন্ডারি নির্মাণের প্রয়োজনীয়তার কথা বলেন। আধুনিক ও যুগোপযোগী পাঠদানের জন্য প্রতিটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম নিশ্চিত করারও দাবি জানান তারা।
প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী বলেন, শিক্ষা খাতে বাজেট ধারাবাহিকভাবে বৃদ্ধি করা হবে। শিক্ষকরা যাতে তাদের প্রাপ্য সম্মান ও আর্থিক সুবিধা পান, সেজন্য উদ্যোগ নেয়া হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা হবে এবং প্রতিটি প্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে তা সমাধান করা হবে।
শিক্ষার্থীদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রম (এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিজ) বাড়াতে হবে। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষা কার্যক্রম এমনভাবে সাজাতে হবে, যাতে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে তাতে অংশ নিতে পারে।
শিক্ষকদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষার্থীদের শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। ম্যানেজিং কমিটিকেও সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
শিক্ষা প্রতিষ্ঠানকে কোনোভাবেই রাজনীতিকরণ করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার উন্নয়নে গৃহীত সব উদ্যোগে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণ করেন।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available