ডেস্ক রিপোর্ট: আজ ২১ নভেম্বর, বিশ্ব টেলিভিশন দিবস। বিশ্বজুড়ে নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। তথ্য, শিক্ষা, বিনোদন ও জনমত গঠনে টেলিভিশনের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দিতে প্রতিবছর এ দিনটি পালন করা হয়।
একসময় পরিবারের সবাইকে একসঙ্গে বসার উপলক্ষ তৈরি করত টেলিভিশন। দেশ-বিদেশের খবর, খেলাধুলা, নাটক, সিনেমা কিংবা বিনোদনমূলক অনুষ্ঠান—সবকিছুর অন্যতম প্রধান মাধ্যম ছিল এটি। প্রযুক্তির বিকাশে বিনোদনের মাধ্যম বদলালেও মানুষের কাছে টেলিভিশনের গুরুত্ব এখনো রয়েছে।
টেলিভিশন শুধু বিনোদনের যন্ত্র নয়, বরং বিশ্বকে মানুষের ঘরের কাছে নিয়ে আসার এক বিস্ময়কর আবিষ্কার। দৃশ্য ও শব্দের সমন্বয়ে তৈরি এ গণমাধ্যম অল্প সময়েই মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। গ্রিক শব্দ ‘টেলি’ অর্থ দূরত্ব এবং লাতিন শব্দ ‘ভিশন’ অর্থ দেখা। এ দুই শব্দের সমন্বয়ে টেলিভিশন শব্দের উৎপত্তি। বাংলায় একে বলা হয় দূরদর্শন।
টেলিভিশনের ইতিহাস
টেলিভিশন প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্কটিশ উদ্ভাবক জন লগি বেয়ার্ড। ১৯২৬ সালে তিনি প্রথম কার্যকর টেলিভিশন ব্যবস্থার প্রদর্শন করেন। এর মাধ্যমে দূরে বৈদ্যুতিক সংকেতের সাহায্যে ছবি পাঠানোর প্রযুক্তি সামনে আসে।
পরবর্তী সময়ে টেলিভিশন সম্প্রচারের প্রযুক্তিতে আরও অগ্রগতি ঘটে। ১৯৩৬ সালে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) নিয়মিত উচ্চমানের টেলিভিশন সম্প্রচার শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টেলিভিশনের প্রসার দ্রুত বাড়তে থাকে। গত শতাব্দীর পঞ্চাশের দশকে এটি গুরুত্বপূর্ণ গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পায়।
১৯৯৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ২১ নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে ঘোষণা করে। একই বছরের ২১ ও ২২ নভেম্বর জাতিসংঘে অনুষ্ঠিত হয়েছিল প্রথম বিশ্ব টেলিভিশন ফোরাম। বিশ্বায়ন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নে টেলিভিশনের ভূমিকা তুলে ধরতেই দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়।
যেভাবে পালিত হয় দিবসটি
বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে বিভিন্ন দেশে গণমাধ্যমের ভূমিকা, দায়িত্বশীল সম্প্রচার, তথ্যের অবাধ প্রবাহ এবং সমাজে টেলিভিশনের প্রভাব নিয়ে আলোচনা ও মতবিনিময়ের আয়োজন করা হয়। সংবাদমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন দিবসটির তাৎপর্য তুলে ধরে।
টেলিভিশন কীভাবে সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরে, গণতন্ত্র ও জনমত গঠনে ভূমিকা রাখে এবং সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে—এসব বিষয়েও আলোচনা হয়।
ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রসারের ফলে গণমাধ্যমের জগতে এসেছে বড় পরিবর্তন। তবে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ঘটনা, সংবাদ ও নানা বিষয়ে মানুষকে অবহিত করার ক্ষেত্রে টেলিভিশনের ভূমিকা এখনো গুরুত্বপূর্ণ। বিশ্ব টেলিভিশন দিবস সেই অবদানকেই স্মরণ করিয়ে দেয়।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available