অনলাইন ডেস্ক: ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামান হত্যা মামলার অভিযুক্ত সওদাগর মেহেদী হাসানকে গণপিটুনিতে হত্যার পর তার মরদেহ নিতে হাসপাতালে আসেননি পরিবারের কোনো সদস্য।
১৭ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে ছিল মেহেদীর মরদেহ। পরে সেটি ফ্রিজিং করে রাখা হয়।
মেহেদী হাসান নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে। তার বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধঘোষিত যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। স্থানীয় সূত্রের দাবি, মেহেদীও যুবলীগের কর্মী ছিলেন।
পুলিশ জানায়, গত ১৫ নভেম্বর রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মজিদ মার্কেটসংলগ্ন সড়কে ছুরিকাঘাতে খুন হন সুরুজ জামান (৩৫)। তিনি মধ্য বাড়েরা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
নিজের ছোট মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মেয়ের সামনেই তাকে ছুরিকাঘাত করা হয়। এ হত্যাকাণ্ডে অভিযুক্ত ছিলেন মেহেদী হাসান।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম জানান, সুরুজ জামান হত্যার পর গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদীকে গণপিটুনি দেন। পরে ভোর ৪টা ১৫ মিনিটের দিকে এলাকাবাসী তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার ভোর থেকেই মেহেদীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়। একই দিন বাদ জোহর সুরুজ জামানের মরদেহ দাফন করা হয়। তবে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত মেহেদীর মরদেহ নিতে পরিবারের কোনো সদস্য হাসপাতালে আসেননি।
ময়মনসিংহ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, মেহেদীর মরদেহ নিতে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। পরিবারের কেউ মরদেহ নিতে না এলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পুলিশই মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করবে।
তিনি আরও বলেন, দুটি হত্যার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এসব ঘটনায় কাউকে গ্রেফতারও করা যায়নি।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available