অনলাইন ডেস্ক: গরু চোরাচালানের সময় দুই ভারতীয় নাগরিককে আটকের পর বাংলাদেশ সীমান্তে এনে গুলি করে ফেলে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
৪ অক্টোবর রোববার মধ্যরাতে কুড়িগ্রামের দই খাওয়া সীমান্তে তাদের ফেলে যাওয়া হয়।
পরে আহত দুই ভারতীয়কে তাদের বাংলাদেশি সহযোগীরা উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে ডিবি তাদের আটক করে। পরে পুলিশের হেফাজতে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
গুলিবিদ্ধ দুজন হলেন আব্দুল আলীম ও ইসমাইল হোসেন। তারা ভারতের আসাম রাজ্যের সুখচর থানার দক্ষিণ সালমারা মাইনকার চর বড়বালু এলাকার বাসিন্দা আব্দুল মজিদ মন্ডল ও মৃত আব্দুল করিম শেখের সন্তান। এদের মধ্যে আব্দুল আলীমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
গুলিবিদ্ধ ইসমাইল হোসেন জানান, ভারতীয় সীমান্তের অভ্যন্তরে বাংলাদেশি ভেবে তাদের আটক করে বিএসএফ। পরে তাদের বাংলাদেশ সীমান্তে নিয়ে এসে গুলি করে ফেলে রেখে চলে যায়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, ভারতীয় দুই নাগরিককে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। পরবর্তী আইনি ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনী গ্রহণ করবে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ান ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহাবুব উল হক বলেন, সীমান্তে গুলির কোনো ঘটনা ঘটেনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available