ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের ৯৪ নম্বর মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বছরের প্রায় ৮ থেকে ৯ মাস পানিতে নিমজ্জিত থাকে। বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পচা ও দুর্গন্ধযুক্ত পানিতে তলিয়ে থাকায় চরম ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের।
বিদ্যালয়ের মাঠে দীর্ঘসময় পানি জমে থাকায় খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। যাতায়াতের সময় পানিতে পিছলে পড়ে অনেকের জামাকাপড় নোংরা হয়ে যায়। ভিজে নষ্ট হয় বই-খাতাও।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নওরীন জাহান মিম ও মেহেদী হাসান জানায়, বিদ্যালয়ের শৌচাগারে যাওয়ার পথও পানিতে তলিয়ে থাকে। ফলে বাধ্য হয়ে রাস্তার অপর পাশে যেতে হয় তাদের।
দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় বিদ্যালয় এলাকায় মশা-মাছির উপদ্রব বেড়েছে। এতে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি তৈরি হয়েছে। শিক্ষার্থীদের অনেকেই জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হচ্ছে বলে জানা গেছে। ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে। সন্তানদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরাও অনেক সময় তাদের স্কুলে পাঠাতে চান না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল আহাদ ও পরিচালনা কমিটির সদস্যরা দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে স্থায়ী উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। প্রধান শিক্ষক বলেন, জলাবদ্ধতার প্রতিকার চেয়ে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে।
এ বিষয়ে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও এর আগে বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে বিষয়টি সম্পর্কে প্রশাসন অবগত রয়েছে। বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজ প্রশাসনিক প্রকল্পে তালিকাভুক্ত করা হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করা হবে।
সূত্র: এনটিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available