ডেস্ক রিপোর্ট: খাদ্যশস্যের মজুত ও সংরক্ষণে কোনো ধরনের অনিয়ম, অবহেলা কিংবা দায়িত্বে শৈথিল্য বরদাশত করা হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মান ও মজুত ব্যবস্থাপনা যথাযথভাবে নিশ্চিত করতে হবে।
৩০ আগস্ট রোববার সকালে ঢাকার ধামরাই উপজেলা খাদ্য গোডাউন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনের সময় খাদ্যমন্ত্রী গুদামের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। সংরক্ষিত চাল ও গমের মজুত, বস্তার মান, গুদামের পরিচ্ছন্নতা এবং অবকাঠামোগত পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের খাদ্যশস্যের গুণগত মান অক্ষুন্ন রাখা এবং নিরাপদ পরিবেশে মজুত নিশ্চিত করার নির্দেশ দেন। একই সঙ্গে গুদাম ব্যবস্থাপনায় নিয়মিত তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস কার্যক্রম প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, সরকারি খাদ্য সহায়তার সুবিধা যাতে প্রকৃত উপকারভোগী ও সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে খাদ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, স্থানীয় খাদ্য গোডাউনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় দলীয় নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে ধামরাই উপজেলা খাদ্য গোডাউনের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যশস্যের মজুত, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রমে নিয়মিত নজরদারি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available