নওগাঁ প্রতিনিধি: নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের কাজে ব্যবহৃত একটি ইসিজি মেশিন জেলা প্রশাসকের সরকারি বাংলোয় নেওয়ার ঘটনায় আলোচনা তৈরি হয়েছে। এ সময় প্রায় আধাঘণ্টা জরুরি বিভাগের রোগীরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হয়েছেন বলে জানা গেছে।
৭ মার্চ শনিবার রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা গেছে, নওগাঁর জেলা প্রশাসক সাইফুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, এমন খবর পাওয়ার পর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু জার গাফফারের নির্দেশে জরুরি বিভাগের একটি ইসিজি মেশিনসহ হাসপাতালের তিনজন কর্মচারী জেলা প্রশাসকের সরকারি বাংলোয় যান পরীক্ষা-নিরীক্ষা করাতে।


পরে বিষয়টি হাসপাতালের ভেতরে জানাজানি হলে জেলা প্রশাসক সেখানে পরীক্ষা-নিরীক্ষা করাতে অনিচ্ছা প্রকাশ করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এরপর মেশিনটি আবার দ্রুত হাসপাতালে ফিরিয়ে আনা হয়।

এদিকে ওই সময় জরুরি বিভাগে বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের প্রায় ৩০ মিনিট ইসিজি সেবা না পেয়ে অপেক্ষা করতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জরুরি বিভাগের এক চিকিৎসক বলেন, তত্ত্বাবধায়ক ও আরএমওর অনুরোধে মেশিনটি জেলা প্রশাসকের বাংলোয় নেওয়া হয়েছিল। তাঁদের নির্দেশ অমান্য করা সম্ভব ছিল না। তবে জরুরি বিভাগের সেবায় ব্যবহৃত কোনো যন্ত্রপাতি বাইরে নেওয়া ঠিক হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু জার গাফফার বলেন, জেলা প্রশাসক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মেশিনটি সেখানে নেওয়া হয়েছিল। তবে কিছুক্ষণের মধ্যেই সেটি আবার হাসপাতালে ফিরিয়ে আনা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক সাইফুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন বক্তব্য পাওয়া যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available