অনলাইন ডেস্ক: সারাদেশে অব্যাহত রয়েছে টানা ভারি বৃষ্টি। এতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি এবং অন্তত ৭ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
১১ জুলাই শনিবার বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এদিকে আজ ১২ জুলাই রোববার ভোররাত থেকেই রাজধানীতে ভারি বৃষ্টি হচ্ছে। এতে অফিসগামী মানুষ ও নিম্ন আয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, গত পাঁচ দিনে দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। তবে গত ২৪ ঘণ্টায় সেই বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। আগামী ২৪ ঘণ্টায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। তবে সামগ্রিকভাবে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে শুরু করবে।
তার ভাষ্য, ‘রোববার ও সোমবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি থাকবে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি অনেকটাই কমে যেতে পারে।’
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
সূত্র: নিউজ ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available