ডেস্ক রিপোর্ট: বই জমা দিতে দেরি হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা করা হয়েছে। তবে সেই জরিমানা পরিশোধ করতে তাঁকে যেতে হয়েছে ব্যাংকে, দাঁড়াতে হয়েছে লাইনে। মাত্র ১ টাকা জরিমানা আদায়ের এমন নিয়ম সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
৫ নভেম্বর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাবিলা হক সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এমন অভিজ্ঞতা তুলে ধরেন। এরপর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
জানা গেছে, প্রায় ৫০ বছর ধরে প্রচলিত নিয়ম অনুযায়ী এখনো ব্যাংকের মাধ্যমে গ্রন্থাগারের জরিমানা আদায় করা হচ্ছে। তবে এ প্রক্রিয়া অনলাইনে চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার পরিচালক।
পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাবিলা হক সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি একটা বই ৮-৯ দিন দেরিতে জমা দেওয়ার কারণে আমাকে ১ টাকা জরিমানা করেছে! এখন আমাকে টিএসসি জনতা ব্যাংকে যেতে হবে, লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, আর তারপর একটা মাত্র কয়েন দিয়ে সেই জরিমানা পরিশোধ করতে হবে।’
তিনি লেখেন, পূজার ছুটির আগে বিজ্ঞান গ্রন্থাগার থেকে একটি বই নিয়েছিলেন তিনি। বইটি ফেরত দেওয়ার শেষ সময় ছিল ২২ তারিখ। তবে পরের মাসের ৩ তারিখে বই জমা দিতে গেলে ২২ তারিখ থেকে হিসাব করে তাঁকে ১ টাকা জরিমানা করা হয়।
নাবিলা আরও লেখেন, ‘আমার হল কাছে, তাই ব্যাংকে টাকা দিতে আমার অতটা প্যারা হয়নি। কিন্তু জিনিসটা বেশ অদ্ভুত।’
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার পরিচালক অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল সংবাদমাধ্যমকে বলেন, ‘আসলে আমারও জানা ছিল না এক টাকা হলেও ব্যাংকে দিতে হয়। এই জরিমানায় নিয়ম অনেক পুরোনো। আমি কাগজ ঘেঁটে দেখলাম ১৯৭৫ সাল বা স্বাধীনতার আগ থেকেই এই নিয়ম রয়েছে। আমাদের সামনে লাইব্রেরি কমিটির মিটিংও আছে, আমি কথা বলব কর্তৃপক্ষের সঙ্গে। এটা যেহেতু সামান্য অর্থ, আমরা হয়তো অনলাইনে নিয়ে নেওয়ার চেষ্টা করব।’
তিনি বলেন, গ্রন্থাগারে নির্ধারিত সময়ের পর বই জমা দেওয়া কিংবা বই হারিয়ে ফেললে তার জন্য আলাদা নিয়ম রয়েছে। বইটি সাম্প্রতিক সময়ের হলে সেটির দাম পরিশোধ করলেই হয়। তবে পুরোনো বইয়ের ক্ষেত্রে নিয়ম ভিন্ন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বইটা যদি খুব সাম্প্রতিক হয়, তাহলে বইয়ের দাম দিলেই হয়। কিন্তু বইটা যদি ১৯৬০ সালের হয়, ওখানে দাম লেখা আছে ৫০ পয়সা। তাহলে এইটার জন্য আমাদের ভিন্ন নিয়ম আছে।’
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available