বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃভূমি’র মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সরকারি ছাড়পত্র পাওয়ার খবর এলেও এখনো কেন্দ্রীয় চলচ্চিত্র ছাড়পত্র বোর্ডের (সিবিএফসি) কাছ থেকে প্রদর্শনীর তারিখ পাননি নির্মাতারা। ফলে আগামী ১৩ নভেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না।
বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে সংঘাতের পটভূমিতে তৈরি হয়েছে সিনেমাটি। শুরুতে এর নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। চলতি বছরের শুরুতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি’। চীন-সংক্রান্ত বিষয়বস্তু ও সংলাপের কারণে সিনেমাটি নানা জটিলতার মুখে পড়েছে। এর পেছনে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
সম্প্রতি সিনেমাটি সরকারি ছাড়পত্র পেয়েছে বলে খবর প্রকাশিত হয়। তবে প্রায় এক মাস হতে চললেও সেন্সর সনদের জন্য প্রয়োজনীয় প্রদর্শনীর তারিখ পাননি নির্মাতারা।
বলিউড হাঙ্গামার এক বাণিজ্যিক সূত্র জানায়, অক্টোবরের শুরুতে সেন্সর সনদের আবেদন করেন নির্মাতারা। গত ২৬ অক্টোবর সিনেমাটি প্রদর্শনের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। সেন্সর প্রক্রিয়া দ্রুত করতে সালমান নিজে কয়েকবার দিল্লি গিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছেন।
সূত্রটির ভাষ্য, কোনো বিশেষ সুবিধা চাননি সালমান। মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে প্রয়োজনীয় পরিবর্তন আনার পাশাপাশি সনদের সব নিয়ম পালন করেছেন তিনি। আগামী মাসেই সিনেমাটি প্রেক্ষাগৃহে আনতে চান বলেই সেন্সর প্রক্রিয়া দ্রুত শেষ করার তাগিদ দিচ্ছেন।
১৩ নভেম্বর মুক্তির বিষয়ে সালমানের আগের পরিকল্পনা এখনো অপরিবর্তিত আছে কি না, জানতে চাওয়া হলে সূত্রটি জানায়, সময়মতো সেন্সর সনদ পেলে ওই দিনই সিনেমাটি মুক্তি পাবে।
মুক্তির তারিখ বেছে নেওয়ার পেছনেও রয়েছে বাণিজ্যিক হিসাব। একই সময়ে বড় সিনেমা মুক্তি পেলে একে অন্যের ব্যবসায় প্রভাব ফেলতে পারে, যা চান না সালমান। ওই নির্দিষ্ট দিনে অন্য কোনো সিনেমা মুক্তির পরিকল্পনা না থাকায় দিনটিকে উপযুক্ত মনে করছেন তিনি।
এদিকে ২৭ নভেম্বর রাজশ্রী প্রোডাকশনসের ‘ইয়ে প্রেম মল লিয়া’ এবং ইমরান হাশমি অভিনীত ‘গানমাস্টার জি৯’ মুক্তির কথা রয়েছে। এই দুই ছবির দুই সপ্তাহ আগে নিজের সিনেমা মুক্তি দিয়ে তিনটির জন্যই বক্স অফিসে ভালো ব্যবসার সুযোগ রাখতে চান সালমান। এ কারণে ২০ নভেম্বর মুক্তির সম্ভাবনা বাতিল করা হয়েছে।
‘ইয়ে প্রেম মল লিয়া’ পরিচালনা করছেন সুরজ বরজাতিয়া। পরিচালকের সঙ্গে সালমানের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় ওই ছবির সঙ্গে নিজের সিনেমা মুক্তি দিতে নারাজ অভিনেতা।
এ ছাড়া ৪ ডিসেম্বর মুক্তির তারিখও বিবেচনা করা হয়েছিল। কিন্তু ‘মাতৃভূমি’র পরিবেশক জিও স্টুডিওস একই দিনে শ্রদ্ধা কাপুর অভিনীত ‘ঈথা’ মুক্তির পরিকল্পনা করছে। একই দিনে দুটি ছবি মুক্তি দেওয়া সম্ভব নয় বলে জানানো হলে সালমানও তা মেনে নেন।
সব মিলিয়ে ১৩ নভেম্বরকেই সবচেয়ে উপযুক্ত দিন হিসেবে দেখছেন নির্মাতারা। তবে শেষ পর্যন্ত ওই দিনে সিনেমাটি মুক্তি পাবে কি না, তা পুরোপুরি নির্ভর করছে সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার ওপর।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available