নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা ও কার্যত যুদ্ধাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, যুদ্ধ কখনোই কারও জন্য মঙ্গলজনক নয় এবং বাংলাদেশ পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে।
জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে ২৭ ফেব্রুয়ারি শুক্রবার রাতে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


খলিলুর রহমান বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে নীরব কূটনৈতিক যোগাযোগ রক্ষা করে পরিস্থিতি শান্ত রাখতে ভূমিকা রাখার চেষ্টা করছে। তিনি বলেন, ‘আমরা আমাদের নিজস্ব উপায়ে বন্ধু দেশগুলোকে বোঝানোর চেষ্টা করছি যে, এ ধরনের সংঘাত কারও স্বার্থ রক্ষা করে না।’

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে কয়েক দিন ধরে থেমে থেমে সংঘর্ষের পর আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বিভিন্ন স্থানে পাকিস্তানের বিমান হামলার খবর পাওয়া গেছে। এ বিষয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, তালেবান কর্তৃপক্ষের ওপর ইসলামাবাদের ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে এবং পরিস্থিতি কার্যত যুদ্ধাবস্থায় পৌঁছেছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ওআইসি বৈঠকের সাইডলাইনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে তার আলোচনা হয়েছে। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদ-এর ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চান। ওআইসি দেশগুলোর প্রতিনিধিরা শুধু সমর্থনই নয়, বাংলাদেশের পক্ষে প্রচারণা চালানোর আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, প্রায় ৪০ বছর পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ। ১৯৮৬ সালে ৪১তম অধিবেশনে বাংলাদেশের হুমায়ুন রশীদ চৌধুরী সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ নতুন করে প্রার্থী হয়েছে।
খলিলুর রহমান জানান, ফিলিস্তিন নিজস্ব প্রার্থিতা বজায় রাখায় বাংলাদেশ সাময়িকভাবে নিজেদের প্রার্থিতা স্থগিত রেখেছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতির পরিবর্তনের পর বাংলাদেশের প্রার্থিতা স্বয়ংক্রিয়ভাবে পুনরায় সক্রিয় হয়েছে। আসন্ন নির্বাচনে সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে বলেও জানান তিনি।
নির্বাচনকে চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, সাইপ্রাস দীর্ঘদিন ধরে প্রচারণা চালালেও বাংলাদেশের হাতে সময় কম। তবে ওআইসি দেশগুলোর সক্রিয় সমর্থন বাংলাদেশের সম্ভাবনাকে জোরালো করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওআইসি বৈঠকে ভূমি ক্রয় সংক্রান্ত সাম্প্রতিক ইসরায়েলি আইনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ। তিনি বলেন, ‘ভূমি নিয়ে ইসরায়েলের পদক্ষেপ স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’
বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available