ডেস্ক রিপোর্ট: নরসিংদীর মাধবদীতে কালিবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং কারখানার বয়লার বিকল হওয়ার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে পাঠানো হয়েছে। পরে দগ্ধ শ্রমিকদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধ শ্রমিকেরা হলেন শিবলু মিয়া (৪৫), পিয়াস (৩০), সুমন মিয়া (৩০), শরীফ আহমেদ (৩০), সাদেকুর রহমান (২৫) ও রাকিব মিয়া (২৫)।
২১ অক্টোবর বুধবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রথমে মাধবদী বাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হানের নেতৃত্বে দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে নরসিংদী সদর থেকেও আরও ইউনিট যোগ দেয়।
নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রত্যক্ষদর্শী রাজু আহম্মেদ জানান, বিকেল ৫টার দিকে বয়লারে লিকেজ দেখা দিলে তিনি পাশের মিল থেকে আগুন নেভাতে এগিয়ে যান। এ সময় মিলের মালিক ইকবাল হোসেনও সেখানে উপস্থিত ছিলেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীরা। এ সময় নরসিংদী জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু বলেন, শিল্পাঞ্চলে এ ধরনের ঘটনা নতুন নয়। মিলমালিকদের সচেতন করার চেষ্টা করেও প্রতিকার পাওয়া যাচ্ছে না।
তিনি আরও বলেন, মাধবদী শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ দূষণে ভরপুর। অথচ, অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে এ নদীর পানিই ব্যবহার করতে হচ্ছে। মাধবদী শিল্পাঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, অগ্নিকাণ্ডে আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available