সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন শুনে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরে নৌকাডুবির ঘটনায় অরুণ দেবনাথ নামের এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।
১ আগস্ট শনিবার বেলা ১১টার দিকে মইয়ার হাওরের বালুচর এলাকা থেকে ভাসমান অবস্থায় অরুণের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নৌকাডুবির এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন— জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত যোগীন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেবনাথ, একই এলাকার মৃত সুবল দেবনাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী এবং মৃত অনিল দেবনাথের ছেলে অধীর দেবনাথ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকা থেকে ১০ জনের একটি দল নৌকাযোগে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় কীর্তন অনুষ্ঠানে যান। ধর্মীয় অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৩টার দিকে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর নামক স্থানে পৌঁছে বৈরী আবহাওয়ায় তাঁদের নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ১০ জনের মধ্যে ৬ জন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও চার জন নিখোঁজ হন।
সংবাদ পেয়ে শনিবার সকালে জগন্নাথপুর উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয় লোকজনের সহযোগিতায় হাওরে উদ্ধার অভিযান শুরু করে। বেলা ১১টার দিকে অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও বিকেল পর্যন্ত বাকি তিন জনের কোনো সন্ধান মেলেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ‘মইয়ার হাওরে নৌকাডুবিতে চার জন নিখোঁজ ছিলেন। ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ অভিযানে এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বলেন, ‘খবর পাওয়ার পর স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করা হয়েছে। হাওরে এক জনের মরদেহ পাওয়া গেছে। নিখোঁজ তিন জনকে দ্রত উদ্ধার করতে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে তলব করা হয়েছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available