• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:০৯:২৯ (02-Aug-2026)
  • - ৩৩° সে:

ডিজিটাল অর্থনীতির পথে বাধা ধীরগতির ইন্টারনেট: বিশ্বব্যাংক

২ আগস্ট ২০২৬ সকাল ০৯:১৯:০৬

ডিজিটাল অর্থনীতির পথে বাধা ধীরগতির ইন্টারনেট: বিশ্বব্যাংক

ডেস্ক রিপোর্ট: বিশ্বের অনেক দেশ যখন উচ্চগতির ইন্টারনেটের ওপর ভিত্তি করে ডিজিটাল অর্থনীতি গড়ে তুলছে, তখন বাংলাদেশ এখনো ধীরগতির ইন্টারনেটের চ্যালেঞ্জে পিছিয়ে রয়েছে। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোবাইল ইন্টারনেটের গতিতে ১০৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯১তম এবং ফিক্সড ব্রডব্যান্ডের গতিতে ১৪১টি দেশের মধ্যে ৯৩তম।

সম্প্রতি প্রকাশিত ‘দ্য আনফিনিশড ডিজিটাল রেভল্যুশন: এক্সপ্যান্ডিং ইন্টারনেট অ্যাকসেস’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, দেশে ফোরজি নেটওয়ার্ক শতভাগ জনগোষ্ঠীর কাছে পৌঁছালেও এখনো প্রায় ৪৭ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন না। উচ্চমূল্যের ডিভাইস, ডেটা প্যাকেজের খরচ এবং ডিজিটাল দক্ষতার ঘাটতিকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে বিশ্বব্যাংক।

প্রতিবেদনে বলা হয়েছে, শুধু নেটওয়ার্কের বিস্তার ঘটালেই প্রকৃত ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত হয় না। মানুষের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী ইন্টারনেট নিশ্চিত করতে হলে ব্যবহার না করার প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে। এছাড়া বিশ্বের ২৭টি দেশের মতো বাংলাদেশেও উল্লেখযোগ্যসংখ্যক মানুষ এখনো জীবনে কখনো মোবাইল ফোনে এসএমএস পাঠাননি।

সংশ্লিষ্টরা বলছেন, ধীরগতির ইন্টারনেট দেশের বিনিয়োগ, রপ্তানি, প্রযুক্তিনির্ভর ব্যবসা, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সরকারি ডিজিটাল সেবার সম্প্রসারণে নেতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে সরকারের ক্যাশলেস সমাজ গঠনের লক্ষ্য বাস্তবায়নেও এটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। কারণ ডিজিটাল পেমেন্ট, অনলাইন ব্যাংকিং ও মোবাইল আর্থিক সেবার জন্য দ্রুত ও স্থিতিশীল ইন্টারনেট অপরিহার্য।

বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছরে মোবাইল ইন্টারনেট অবকাঠামোয় পর্যাপ্ত বিনিয়োগ না হওয়ায় বাংলাদেশ এ ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। প্রতিবেশী অনেক দেশ ফাইভজি প্রযুক্তিতে এগিয়ে গেলেও দেশে এখনো ফোরজির মানোন্নয়নই বড় চ্যালেঞ্জ।

বিশ্বব্যাংক বলছে, উচ্চগতির ও নির্ভরযোগ্য ইন্টারনেট এখন একটি দেশের উৎপাদনশীলতা, কর্মসংস্থান, উদ্ভাবন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি। তাই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশের ইন্টারনেটের গতি, স্থিতিশীলতা এবং ডিজিটাল অবকাঠামোয় দ্রুত বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই।

সূত্র: বণিক বার্তা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ