• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:৩০:৪৫ (02-Aug-2026)
  • - ৩৩° সে:

সার্জিও গর-ত্রিবেদী বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ জামায়াত আমীরের

২ আগস্ট ২০২৬ সকাল ০৯:৩৭:৩৫

সার্জিও গর-ত্রিবেদী বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ জামায়াত আমীরের

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, একটি গণতান্ত্রিক দেশে এ ধরনের বৈঠক কেবল সৌজন্য সাক্ষাৎ না হয়ে বাংলাদেশ-সম্পর্কিত কোনো বিষয়ে হয়ে থাকলে তা সরকারের সঙ্গে হওয়াই সমীচীন।

১ আগস্ট শনিবার সিলেটে স্থানীয় দৈনিক জালালাবাদ-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিদেশে অবস্থান করে দুই দেশের কূটনীতিকদের বৈঠক হওয়া স্বাভাবিক। তবে বাংলাদেশে এসে যদি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো বিষয়ে আলোচনা হয়ে থাকে, তাহলে সে বিষয়ে বাংলাদেশ সরকারকে সম্পৃক্ত করা উচিত। প্রয়োজনে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও মতবিনিময় করা যেতে পারে।

তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন পর্যবেক্ষণ করে তারা উদ্বিগ্ন হয়েছেন। ভবিষ্যতেও একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে নির্বাচন নিয়ে সরকারের সদিচ্ছা সম্পর্কে জনগণের মধ্যে আরও প্রশ্ন তৈরি হতে পারে।

সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে জামায়াত আমির দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

গণভোট ইস্যুতে বিএনপির অবস্থানেরও সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আগে দলটি গণভোটের পক্ষে থাকলেও পরে কেন অবস্থান পরিবর্তন করেছে, সে বিষয়ে জনগণের কাছে ব্যাখ্যা দেওয়া উচিত।

দৈনিক জালালাবাদ-এর সম্পাদক মুকতাবিস উন নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য আব্দুর রব, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

সূত্র: জাগো নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ