• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই শ্রাবণ ১৪৩৩ সকাল ০৯:৪৭:০৩ (02-Aug-2026)
  • - ৩৩° সে:

প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব তারেক রহমানকে দিলেন নেতারা

২ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪৪:১৭

প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব তারেক রহমানকে দিলেন নেতারা

ডেস্ক রিপোর্ট: প্রেসিডেন্ট পদে বিএনপির প্রার্থী কে হবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির স্থায়ী কমিটি।

১ আগস্ট শনিবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন, দলের সাংগঠনিক কার্যক্রম এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠক শেষে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, প্রেসিডেন্টের পদ শূন্য হওয়ায় সাংবিধানিক বিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দলের পক্ষ থেকে কাকে প্রার্থী করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ দায়িত্ব স্থায়ী কমিটি দলের চেয়ারম্যান তারেক রহমানকে দিয়েছে।

তিনি বলেন, ‘দলের চেয়ারম্যান হিসেবে তিনিই বিএনপির প্রেসিডেন্ট পদের প্রার্থী চূড়ান্ত করবেন।’

স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বলেন, বৈঠকে প্রেসিডেন্ট নির্বাচন ছাড়াও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক বিষয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের পদ শূন্য হলে জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়। নির্বাচন কমিশনও এ নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা জানিয়েছে। তফসিল ঘোষণার পর বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করবে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দীন আহমদ বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সে লক্ষ্যে বিএনপিও সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে।

বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দীন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন। ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন ড. আবদুল মঈন খান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ