• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:০১:২৯ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

ট্রাকের ধাক্কায় মসজিদের ইমাম নিহত, মুয়াজ্জিনসহ আহত ৩

২৭ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫১:৪২

ট্রাকের ধাক্কায় মসজিদের ইমাম নিহত, মুয়াজ্জিনসহ আহত ৩
নিহত ইমাম মাওলানা আকরাম হোসেন (৫২)। ছবি: এশিয়ান টিভি

​নারায়ণগঞ্জ প্রতিনিধি: ​ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইঘর বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রাকের ধাক্কায় মাওলানা আকরাম হোসেন (৫২) নামের এক মসজিদের ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিনসহ আরও অন্তত তিনজন আহত হয়েছেন।

​২৬ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ফতুল্লা মডেল থানাধীন ভূঁইঘর ওভারপাসের পূর্ব পাশে মাছ বাজারের সামনে সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত মাওলানা আকরাম হোসেন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি কুমিল্লার হোমনা উপজেলার দরিচর এলাকার আব্দুল মতিনের ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জের বন্দর থানার আমিন আবাসিক এলাকায় বসবাস করতেন। এ দুর্ঘটনায় আহতরা হলেন একই মসজিদের মুয়াজ্জিন মো. আবু হানিফ (৫৪), পথচারী রেদোয়ান খন্দকার (২০) ও সায়েম (২২)।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মধ্যরাতে সাইনবোর্ড থেকে ভূঁইঘরের দিকে আসা একটি পুরোনো খালি বালুবাহী ট্রাক (পিরোজপুর-ট ১১-০২৪৫) বেপরোয়া গতিতে সার্ভিস লেনে ঢুকে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী, দোকানপাট ও দুটি ভ্যানগাড়ির ওপর সজোরে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মাওলানা আকরাম হোসেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে বিভিন্ন হাসপাতালে পাঠান।

​খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অবগত হয়ে ফতুল্লা মডেল থানার নৈশকালীন টহল পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের চাকার নিচ থেকে মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

​ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া জানান, দুর্ঘটনাকবলিত ঘাতক ট্রাকটি রেকারের মাধ্যমে জব্দ করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ