ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউনাইটেড পরিবহনের একটি বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন নারী ও এক পুরুষসহ মোট ১০ জন আহত হয়েছেন।
১৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে উপজেলার বৈলর ইউনিয়নের কাজির শিমলা এলাকায় নজরুল উচ্চ বিদ্যালয়ের বিপরীতে মহাসড়কের ময়মনসিংহগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ময়মনসিংহগামী ইউনাইটেড পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-৪৯৪২) দ্রুতগতিতে চলার সময় রং সাইডে চলে আসে। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা নম্বরবিহীন দুটি মহেন্দ্রকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। পরে নিয়ন্ত্রণ হারিয়ে ময়মনসিংহগামী একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এরপর বাসটি আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীর ভেঙে কাত হয়ে পড়ে।
দুর্ঘটনায় মহেন্দ্রে থাকা দুইজন অজ্ঞাতপরিচয় পুরুষ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মোট ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সিএনজিচালিত অটোরিকশায় থাকা তিনজন নারী ও একজন পুরুষ যাত্রী, সিএনজি চালক, দুটি মহেন্দ্রের দুই চালক এবং আরও তিনজন রয়েছেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
স্থানীয়দের তথ্যমতে, দুর্ঘটনার পর ইউনাইটেড পরিবহনের বাসটির অজ্ঞাতনামা চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ জানান, নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available