• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:০১:৩৬ (09-Nov-2026)
  • - ৩৩° সে:
নারায়ণগঞ্জে বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু, আহত ১

নারায়ণগঞ্জে বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু, আহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নিশ অয়েলবাহী একটি ট্যাংক লরির ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মো. রাতুল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে মো. ফারুক (৪২) নামের আরও এক ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।৮ নভেম্বর রোববার রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।​নিহত মো. রাতুল ধনুকুন্ডা সাউদ বাড়ি এলাকার কুদ্দুস আলীর ছেলে। তিনি ওই ট্যাংক লরির হেলপার হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে অসুস্থ হয়ে পড়া মো. ফারুক সংশ্লিষ্ট ফার্নিশ অয়েল হাউজের ম্যানেজার হিসেবে দায়িত্বরত রয়েছেন।​স্থানীয় সূত্রে জানা যায়, ২ নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে মারুফ নামের এক ব্যক্তির মালিকানাধীন ফার্নিশ অয়েল হাউজের সামনে একটি ট্যাংক লরি দাঁড় করানো ছিল। রোববার রাতে হেলপার রাতুল লরির ট্যাংক পরীক্ষা করার জন্য ভেতরে প্রবেশ করেন। এ সময় ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিনি ভেতরেই অচেতন হয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে তাঁকে উদ্ধার করতে প্রতিষ্ঠানের ম্যানেজার ফারুক ট্যাংকের ভেতরে নামলে তিনিও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।​পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত দুজনকে উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতুলকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় ম্যানেজার ফারুককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।​সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি, তবে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।এটিভি/ এইচকে