বিনোদন ডেস্ক: হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ‘এক্স-ম্যান’-এর প্রফেসর চার্লস জেভিয়ার এবং ‘স্টার ট্রেক’-এর ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া ৮৬ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই। ২৮ অক্টোবর বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে মারা যান তিনি।
ছয় দশকেরও বেশি সময় ধরে মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করেছেন এই অভিনেতা।
২৯ অক্টোবর বৃহস্পতিবার অভিনেতার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আলঝেইমার রোগ ও লিউই বডি ডিমেনশিয়ায় ভুগছিলেন প্যাট্রিক স্টুয়ার্ট।
শেষ সময়ে স্ত্রী সানি ওজেল তার পাশে ছিলেন। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের ভালোবাসা, সংগীত, প্রার্থনা ও স্মৃতির মধ্য দিয়ে জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন তিনি।
১৯৪০ সালের ১৩ জুলাই ইংল্যান্ডের ইয়র্কশায়ারের মিরফিল্ডে জন্ম প্যাট্রিক স্টুয়ার্টের। শৈশব থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। বিশেষ করে উইলিয়াম শেক্সপিয়ারের নাটক তাকে আকৃষ্ট করত। অভিনয়ের প্রশিক্ষণ নেওয়ার পর যুক্ত হন ব্রিটেনের রয়্যাল শেক্সপিয়ার কোম্পানিতে। মঞ্চে দীর্ঘদিন অভিনয় করে দক্ষ অভিনেতা হিসেবে পরিচিতি পান।
তবে আন্তর্জাতিক দর্শকের কাছে তার ব্যাপক পরিচিতি আসে ১৯৮৭ সালে। ওই বছর শুরু হওয়া ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’ ধারাবাহিকে ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড চরিত্রে অভিনয় করেন তিনি। তখন তার বয়স ছিল ৪৭ বছর।
১৯৯৪ সাল পর্যন্ত প্রচারিত সাত মৌসুমের ধারাবাহিকটি তাকে বিশ্বজুড়ে জনপ্রিয়তা এনে দেয়। পরে ‘স্টার ট্রেক’-এর একাধিক চলচ্চিত্রেও একই চরিত্রে অভিনয় করেন। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রচারিত ‘স্টার ট্রেক: পিকার্ড’ সিরিজেও ফিরেছিলেন এই চরিত্রে।
নতুন প্রজন্মের দর্শকের কাছে প্যাট্রিক স্টুয়ার্ট সমানভাবে পরিচিত ‘এক্স-ম্যান’ সিরিজের প্রফেসর চার্লস জেভিয়ার হিসেবে। ২০০০ সালে মুক্তি পাওয়া প্রথম ‘এক্স-ম্যান’ সিনেমায় এই চরিত্রে অভিনয় করেন তিনি। অতিমানবীয় ক্ষমতাসম্পন্ন মানুষদের নিয়ে তৈরি কাহিনিতে তার চরিত্রটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ। পরে সিরিজের আরও কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে। ২০১৭ সালের ‘লোগান’ সিনেমাতেও অভিনয় করেন তিনি। মুক্তির অপেক্ষায় থাকা মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমায়ও তার অভিনয়ের কথা ছিলো।
জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজের পাশাপাশি শেক্সপিয়ারের নাটকে অভিনয়ের জন্যও বিশেষভাবে সমাদৃত ছিলেন প্যাট্রিক স্টুয়ার্ট। ব্রিটিশ মঞ্চ থেকে ব্রডওয়ে পর্যন্ত বিস্তৃত ছিল তার অভিনয়জীবন। মঞ্চ ও পর্দায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ তাকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করেন। এরপর থেকেই নামের আগে যুক্ত হয় ‘স্যার’।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী ও হলিউডের তারকারা। ‘স্টার ট্রেক’ তারকা উইলিয়াম শ্যাটনার স্মরণ করেছেন স্টুয়ার্টের প্রজ্ঞা, সৌজন্য ও মানবিকতার কথা। ‘এক্স-ম্যান’ সিনেমায় তার সহশিল্পী হিউ জ্যাকম্যান তাকে মঞ্চ ও পর্দার অন্যতম সেরা অভিনয়শিল্পী হিসেবে শ্রদ্ধা জানিয়েছেন। মার্ভেল স্টুডিওসও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
অভিনয়ের বাইরেও মানবাধিকার, পারিবারিক সহিংসতার শিকার মানুষ, শরণার্থী ও প্রাণিকল্যাণের পক্ষে কাজ করেছেন প্যাট্রিক স্টুয়ার্ট। স্ত্রী সানি ওজেল এবং আগের সংসারের দুই সন্তান ড্যানিয়েল ও সোফিকে রেখে গেছেন তিনি। সূত্র: এফএমটি
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available