খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা দুটি পিকআপ গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে গাড়ি দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
১৮ নভেম্বর বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাস্টারের দোকানের সামনে নিয়মিত চারটি পিকআপ গাড়ি পার্কিং করে রাখা হতো। গাড়িগুলো সাজেক সড়কে পর্যটক পরিবহনের কাজে ব্যবহৃত হয়। বুধবার রাতে যথারীতি গাড়িগুলো সেখানে রাখা হয়েছিল। পরে গভীর রাতে দুর্বৃত্তরা চারটি গাড়ির মধ্যে দুটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশের পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করণ চলমান রয়েছে।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available