• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৩:৫১ (05-Nov-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে স্বাস্থ্য বিভাগের সাঁড়াশি অভিযান: ৩টি ওটি ও প্যাথলজি সিলগালা

৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:২০

মানিকগঞ্জে স্বাস্থ্য বিভাগের সাঁড়াশি অভিযান: ৩টি ওটি ও প্যাথলজি সিলগালা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা শহরের বেসরকারি স্বাস্থ্য খাতে নৈরাজ্য বন্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। শহরের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে এক ঝটিকা অভিযান পরিচালনা করে ৪টি হাসপাতালকে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে মারাত্মক অনিয়মের দায়ে ৩টি প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটার (ওটি) ও প্যাথলজি বিভাগ সিলগালা করা হয়েছে।

৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শায়খ শিহাব উদ্দীন।

এসময়, শহরের বাসস্ট্যান্ড কাঁচাবাজার সংলগ্ন এলাকার মানিকগঞ্জ অর্থোপেডিক্স হাসপাতালে নানা ধরনের অব্যবস্থাপনা ধরা পড়ায় ৫৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্যাথলজি বিভাগ সিলগালা করা হয়। পরে, ভুয়া ডাক্তার দিয়ে এক্স-রে রিপোর্ট তৈরির মতো মারাত্মক জালিয়াতি ও নানা অনিয়মের অপরাধে স্বপ্ন হাসপাতালকে ৪৫ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করা হয়।

আরও পড়ুন

নড়াইলে মাদকাসক্ত ছেলের বঁটির কোপে বাবা নিহত

এদিকে, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নিরাময় হাসপাতালকে চরম দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে রোগী রাখা, অপারেশন পরিচালনাসহ নানা অভিযোগের দায়ে দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশের ভয়াবহ নাজুক পরিস্থিতি বিবেচনায় হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়। পরে, অ্যাপোলো হাসপাতাল নামে আরেক হাসপাতালটিতে অনুমোদন ও চিকিৎসা পরিচালনায় নানা অনিয়ম পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের এক্স-রে ও প্যাথলজি কক্ষ সিলগালা করে দেয় প্রশাসন।

অভিযান শেষে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস জানান, ‘বর্তমানে স্বাস্থ্য খাত নিয়ে আমরা অত্যন্ত সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছি। প্রাইভেট হাসপাতালগুলোর লাইসেন্স নবায়ন ও সেবার গুণগত মান পরীক্ষা করতে নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। পরিদর্শনে ক্লিনিকগুলোতে অনেক বেশি অনিয়ম ধরা পড়ায় আজ ৪টি হাসপাতালের বিরুদ্ধে এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।’

জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. শায়খ শিহাব উদ্দীন বলেন, নানা অস্বাস্থ্যকর পরিবেশের বিষয়টি আমলে নিয়ে ৪টি প্রতিষ্ঠানে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন

বরিশালে ‘গ্রাম আদালত’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ