বরিশাল প্রতিনিধি: বরিশালের কলাপাড়া উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে ন্যায়বিচার বিষয়ে ধারণা তৈরির লক্ষ্যে গ্রাম আদালত বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর বুধবার উপজেলার লালুয়া ইউনিয়নের জনতা মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবনী কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন তপন বিশ্বাস। অনুষ্ঠানের উদ্বোধন করেন লালুয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক। এ ছাড়া উপস্থিত ছিলেন গ্রাম আদালতের কলাপাড়া উপজেলা সমন্বয়কারী রাশেদ খান।
“গ্রাম আদালতই গ্রামীণ জনগণের ন্যায়বিচার প্রাপ্তির সবচেয়ে সহজ ও কার্যকর মাধ্যম”—এ প্রতিপাদ্য বিষয়ে পক্ষে ও বিপক্ষে বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীরা বিতর্কে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় পক্ষে দলের সদস্যরা ছিলেন মোসা. তানজিলা আক্তার, মোসা. ইসরাত জাহান ও দলনেতা বায়জীদ। অন্যদিকে বিপক্ষে দলের সদস্যরা ছিলেন মো. ইবনে সাবিত, মোসা. নাহিদা আক্তার ও দলনেতা মোসা. আফরোজা আক্তার।
প্রতিযোগিতা শেষে পক্ষে দলকে বিজয়ী ঘোষণা করা হয়। একই দলের দলনেতা বায়জীদ শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ জনগণের দোরগোড়ায় সহজে ও স্বল্প খরচে ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের কার্যক্রম আরও ব্যাপকভাবে প্রচার ও প্রসারের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় গ্রাম আদালতের মূল স্লোগান—“অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলে যাই গ্রাম আদালতে”—উপস্থাপন করা হয়।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উভয় দলের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available