নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবাইলে অবস্থিত ‘প্যারাডাইস কেবলস লিমিটেড’-এর একটি বন্ধ গোডাউন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডের সন্দেহে কারখানার ভেতর থেকে দুইজনকে আটক করা হয়েছে।
৮ আগস্ট শনিবার দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে মরদেহটি উদ্ধার করা হয়। ফতুল্লা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোডাউনের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে ফতুল্লা থানার এসআই (নিরস্ত্র) মো. শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া মরদেহটি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির। ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১৫ দিন আগে কোনো এক সময়ে তার মৃত্যু হয়েছে। পরে পিবিআইয়ের ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে গোডাউনে প্রবেশকে কেন্দ্র করে ওই ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হতে পারেন।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে কারখানার ভেতর থেকে দুইজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- পারভেজ (২৫), পিতা মঞ্জুর আলম। তার বর্তমান ঠিকানা ফতুল্লার নয়ামাটি এবং স্থায়ী বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চিনারকান্দী এলাকায়। অপরজন পিয়াস (৩০) পিতা কুতুব মিয়া। তার বর্তমান ঠিকানা ফতুল্লার কুতুবপুরের লাখিবাজার এবং স্থায়ী বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার খরমা নতুনবাজার এলাকায়।
ফতুল্লা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available