• ঢাকা
  • |
  • শুক্রবার ৯ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:২০:৩৮ (24-Jul-2026)
  • - ৩৩° সে:

গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছেন লক্ষ্মীপুরের গাজী ছালা উদ্দিন

২৪ জুলাই ২০২৬ সকাল ১০:৩০:৫২

গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছেন লক্ষ্মীপুরের গাজী ছালা উদ্দিন

লক্ষ্মীপুর প্রতিনিধি: গুগল ম্যাপ ভিত্তিক বৈশ্বিক স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম গুগল লোকাল গাইডস-এর আন্তর্জাতিক সম্মেলন কানেক্ট লাইভ ২০২৬ (Connect Live 2026)-এ অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন লক্ষ্মীপুরের তরুণ প্রযুক্তিপ্রেমী ও স্বেচ্ছাসেবক মো. গাজী ছালা উদ্দিন। আগামী ৩০ এবং ৩১ জুলাই এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এ সম্মেলন অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরে গুগলের কার্যালয়ে।

এ বছর বিশ্বের বিভিন্ন অঞ্চলের নির্বাচিত লোকাল গাইডদের নিয়ে তিনটি আঞ্চলিক সম্মেলনের আয়োজন করেছে গুগল। ইউরোপ অঞ্চলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আয়ারল্যান্ডের ডাবলিনে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্মেলন হবে সিঙ্গাপুরে এবং আমেরিকা ও ল্যাটিন আমেরিকা অঞ্চলের সম্মেলন অনুষ্ঠিত হবে মেক্সিকোতে।

এবারের আয়োজনে বাংলাদেশ থেকে মাত্র সাতজন লোকাল গাইড আমন্ত্রণ পেয়েছেন। তাঁদের একজন মো. গাজী ছালা উদ্দিন। তিনি প্রায় এক দশক ধরে গুগল লোকাল গাইডসের সঙ্গে যুক্ত থেকে গুগল ম্যাপে তথ্য সংযোজন, হালনাগাদ, ভুল তথ্য সংশোধন, অনুপস্থিত সড়ক যুক্ত করা এবং এক্সেসিবিলিটি-সংক্রান্ত তথ্য সমৃদ্ধ করার মতো গুরুত্বপূর্ণ কাজে স্বেচ্ছাসেবক হিসেবে অবদান রেখে আসছেন।

লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের সানকিভাংগা গ্রামের বাসিন্দা মো. গাজী ছালা উদ্দিন পেশায় একজন  চাকরিজীবী। চাকরির পাশাপাশি প্রযুক্তি ও ডিজিটাল মানচিত্র উন্নয়নে তাঁর আগ্রহ দীর্ঘদিনের। তিনি স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের তথ্য গুগল ম্যাপে যুক্ত করে বিশ্বব্যাপী পরিচিত করে তুলতেও কাজ করছেন।

এ ছাড়া তিনি লক্ষ্মীপুর জেলাসহ দেশের বিভিন্ন স্থানে গুগল ম্যাপবিষয়ক প্রশিক্ষণ, ম্যাপ এডিটিং মিটআপ, ফটো ওয়াক এবং সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকেন। এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীদের গুগল ম্যাপে তথ্য সংযোজন, নতুন রাস্তা ও স্থাপনা যুক্ত করা, এক্সেসিবিলিটি তথ্য হালনাগাদ এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।

গুগলের আমন্ত্রণ পাওয়া প্রসঙ্গে গাজী ছালা উদ্দিন  বলেন, ‘এটি আমার জীবনের অন্যতম বড় অর্জন। একজন লোকাল গাইড হিসেবে গুগলের আমন্ত্রণ পাওয়া আমার জন্য গর্বের। সম্মেলনে বাংলাদেশের, বিশেষ করে গ্রামাঞ্চলের গুগল ম্যাপ-সংক্রান্ত বিভিন্ন বাস্তব সমস্যা ও সম্ভাবনার বিষয় গুগলের সংশ্লিষ্ট দলের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। এতে দেশের ডিজিটাল মানচিত্র আরও নির্ভুল ও ব্যবহারবান্ধব হবে বলে আমি বিশ্বাস করি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us