শিক্ষার্থীদের বিনামূল্যে এআই প্লাস ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল
তথ্যপ্রযুক্তি ডেস্ক: শিক্ষার্থীদের জন্য ১২ মাস বিনামূল্যে গুগল এআই প্লাস ব্যবহারের সুযোগ দিচ্ছে গুগল। এই অফারের আওতায় জেমিনিতে বাড়তি ব্যবহারের সুবিধার পাশাপাশি ৪০০ জিবি ক্লাউড স্টোরেজসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। গুগলের শর্ত অনুযায়ী, অফারটি ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে গ্রহণ করতে হবে।বাংলাদেশেও এই অফার প্রযোজ্য। তবে সুবিধাটি পেতে শিক্ষার্থী হিসেবে যোগ্যতা যাচাই করতে হবে। গুগলের বর্তমান শর্ত অনুযায়ী, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী, ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট এবং প্রয়োজন হলে বৈধ শিক্ষার্থী পরিচয় যাচাইয়ের ব্যবস্থা থাকতে হবে। বর্তমান শর্তে ন্যূনতম বয়স ১৬ বছর।১২ মাসের অফারে গুগল এআই প্লাসের বিভিন্ন সুবিধা বিনামূল্যে ব্যবহার করা যাবে। এর মধ্যে রয়েছে জেমিনিতে সাধারণ ব্যবহারের তুলনায় দ্বিগুণ ব্যবহারের সীমা এবং গুগল ড্রাইভ, জিমেইল ও গুগল ফটোসে ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ।এ ছাড়া জেমিনির বিভিন্ন এআই সুবিধা, ডিপ রিসার্চ, পড়াশোনার কাজে সহায়তাকারী বিভিন্ন ফিচার এবং গুগলের অন্যান্য এআই সুবিধাও প্ল্যান অনুযায়ী ব্যবহার করা যাবে। সুবিধাগুলোর প্রাপ্যতা সময় ও দেশভেদে পরিবর্তিত হতে পারে।বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা অফারটির জন্য যোগ্য হতে পারেন। তবে গুগলের যাচাই প্রক্রিয়ায় শিক্ষার্থী হিসেবে নিজের পরিচয় নিশ্চিত করতে হবে। ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট থাকতে হবে এবং গুগল পেমেন্টস অ্যাকাউন্টে গ্রহণযোগ্য পেমেন্ট পদ্ধতি যুক্ত করতে হতে পারে।বর্তমানে গুগল ওয়ানের অন্য কোনো সক্রিয় সাবস্ক্রিপশন থাকলে, পারিবারিক শেয়ারিংয়ের মাধ্যমে সদস্য হলে কিংবা কিছু নির্দিষ্ট ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করলে অফারটি প্রযোজ্য নাও হতে পারে।প্রথমে ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টে সাইন ইন করে গুগল ওয়ানের শিক্ষার্থী অফারের পেজে যেতে হবে। এরপর শিক্ষার্থী অফার নেওয়ার অপশন নির্বাচন করে বাংলাদেশ ও প্রয়োজনীয় তথ্য দিতে হবে।এরপর গুগলের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থী পরিচয় যাচাই সম্পন্ন করতে হবে। যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র বা গুগল চাওয়া অন্য কোনো বৈধ প্রমাণপত্র প্রয়োজন হতে পারে। যাচাই সফল হলে অফারটি সক্রিয় করা যাবে।তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ—অফারটি ১২ মাস বিনামূল্যে হলেও গুগল পেমেন্টস অ্যাকাউন্টে গ্রহণযোগ্য পেমেন্ট পদ্ধতি যুক্ত করা প্রয়োজন হতে পারে। অফারের মেয়াদ শেষ হওয়ার পর সাবস্ক্রিপশন চালু থাকলে নিয়মিত মূল্য পরিশোধের জন্য স্বয়ংক্রিয়ভাবে অর্থ কেটে নেওয়া হতে পারে। তাই বিনামূল্যের মেয়াদ শেষ হওয়ার আগে সাবস্ক্রিপশন বাতিল না করলে পরবর্তী সময়ে চার্জ হওয়ার বিষয়টি মাথায় রাখতে হবে।