• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:৪২:০০ (11-Jul-2026)
  • - ৩৩° সে:

দলীয় কোন্দলের জেরে এমপির গাড়ি ভাঙচুর

১১ জুলাই ২০২৬ সকাল ১১:৪৭:৪৫

দলীয় কোন্দলের জেরে এমপির গাড়ি ভাঙচুর

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে দলীয় কোন্দল আর মঞ্চের বিরোধের জের ধরে সংসদ সদস্যের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের সংশ্লিষ্টতার অভিযোগ এনে তাঁর গাড়িও ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

১০ জুলাই শুক্রবার সন্ধ্যায় ইসলামপুর জেলা পরিষদ ডাকবাংলোর সামনে মুখোমুখি অবস্থানে চলে যায় স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ।

জানা গেছে, বিকেলে মলমগঞ্জ এলাকার একটি কলেজের অনুষ্ঠানে যোগ দেন জামালপুর-২ আসনের এমপি ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু। সেখানে ছাত্রবিষয়ক সম্পাদক হাসমত এবং পৌর নেতা হাসানকে স্টেজ থেকে নেমে যেতে নির্দেশ দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব।

এই নিয়ে অনুষ্ঠান স্থলেই শুরু হয় কথা কাটাকাটি। এরই সূত্র ধরে একদল লোক হামলা চালায় এমপির ব্যক্তিগত গাড়িতে। এ খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন এমপির সমর্থকরা। তাৎক্ষণিক পাল্টা হামলা চালিয়ে তারা ভাঙচুর করেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়িও।

ঘটনার পর দুই পক্ষই দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিলে পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ অবস্থা থেকে এমপি সুলতান মাহমুদ বাবুকে উদ্ধার করে গ্রামের বাড়িতে পৌঁছে দেয়।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বের করে আইনে সোপর্দ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দলীয় কোন্দলের জেরে এমপির গাড়ি ভাঙচুর
দলীয় কোন্দলের জেরে এমপির গাড়ি ভাঙচুর
১১ জুলাই ২০২৬ সকাল ১১:৪৭:৪৫





Follow Us