অনলাইন ডেস্ক: নওগাঁর মান্দায় অটোরিকশায় মাইকিং করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে আটক করা হয়েছে।
২৩ অক্টোবর শুক্রবার দুপুরে উপজেলার কাশোপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
গ্রেফতাররা হলেন— উপজেলার কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ এবং মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল জলিল (৫০)। শহিদুল উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল প্রামাণিকের ছেলে। আব্দুল জলিল নবগ্রাম তালবোনা গ্রামের মৃত গামা সরকারের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কালিকাপুর ইউনিয়নে গতকাল ২২ অক্টোবর বৃহস্পতিবার শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আসছেন বলে কয়েকজন ফাঁকা মাঠে মাইকিং করেন। পরে মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে এক যুবক প্রচারণা চালাচ্ছেন। মাইকিংয়ের শুরুতে তিনি মান্দা উপজেলাবাসীকে সালাম এবং অন্যান্য ধর্ম ও জাতির মানুষকে শুভেচ্ছা জানান। এরপর প্রচারণায় দাবি করা হয়, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরবেন। এ সময় দলমত-নির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মাধ্যমে মাইকিং শেষ করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, বিষয়টি নজরে আসার পর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গ্রেফতার ২ জন এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available