• ঢাকা
  • |
  • শনিবার ৩১শে শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:৩৮:১৮ (15-Aug-2026)
  • - ৩৩° সে:

মিরাজের ফিফটি, বড় লিডের পথে বাংলাদেশ

১৫ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪০:৩২

মিরাজের ফিফটি, বড় লিডের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: মেহেদী হাসান মিরাজের অর্ধশতকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। ইনিংসের ১২৬তম ওভারে পঞ্চম বলে ফাঁকা মিড-অনের দিকে বল ঠেলে দুই রান নিয়ে ক্যারিয়ারের ১২তম টেস্ট ফিফটি পূর্ণ করেন মিরাজ। চলতি ইনিংসে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে পঞ্চাশের ঘরে পৌঁছান তিনি।

দিনের খেলা শুরু করেছিলেন ৩২ রান নিয়ে। ১১৭ বল মোকাবিলা করে পাঁচটি চারের সাহায্যে অর্ধশতক পূর্ণ করেন মিরাজ। ডারউইনের মারারা স্টেডিয়ামে তাঁর ব্যাটিংয়ের ওপর ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১০৯ রানের ইনিংস খেলেছিলেন মিরাজ। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।

১২৯তম ওভারের প্রথম বলে প্যাট কামিন্সের বাউন্সার তাসকিন আহমেদের ব্যাটে লেগে সীমানা পার হলে বাংলাদেশের সংগ্রহ চারশ ছাড়িয়ে যায়। একই সঙ্গে দুইশ রানের লিডও পেরিয়ে যায় বাংলাদেশ।

এর পরের বলেই তাসকিনকে জীবন দেন স্টিভেন স্মিথ। ক্যাচটি নিতে পারলে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড এককভাবে নিজের করে নিতে পারতেন অস্ট্রেলিয়ার এই তারকা ফিল্ডার।

এর আগে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের প্রথম ঘণ্টাতেই হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম সাজঘরে ফেরেন। তবে এরপর মিরাজ ও তাসকিনের ব্যাটে ভর করে বড় লিডের পথে এগিয়ে যায় বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের দৃঢ় ব্যাটিংয়ের ফলে ম্যাচের নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের হাতেই রয়েছে।

উৎস: ঢাকা পোস্ট

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ