• ঢাকা
  • |
  • বুধবার ২১শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৩:৫৬:০৩ (05-Aug-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তানের স্পিন ঘূর্ণিতে ধুঁকছে স্বাগতিকরা

৫ আগস্ট ২০২৬ দুপুর ০২:৩৬:৩৯

পাকিস্তানের স্পিন ঘূর্ণিতে ধুঁকছে স্বাগতিকরা

স্পোর্টস ডেস্ক: দিনের প্রায় পুরোটা সময় দাপট দেখাল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষটা হলো পাকিস্তানের। শেষ বিকেলে স্পিন ঘূর্ণিতে দৃশ্যপট বদলে দিয়েছে পাকিস্তান। মাত্র চার রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ধুঁকছে স্বাগতিকরা। সাজিদ খান ও আলি উসমানদের বোলিং তোপে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা এখন রীতিমতো দিশেহারা।

ত্রিনিদাদ টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের সংগ্রহ ৬ উইকেটে ১০৩ রান। হাতে চার উইকেট থাকলেও তারা লিড পেয়েছে মোটে ৬০ রানের। অন্যদিকে, চোটের কারণে ব্র্যান্ডন কিংয়ের ব্যাটিংয়ে নামা নিয়েও রয়েছে বড় শঙ্কা।

এর আগে ২ উইকেটে ২৬৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। দিনের শুরুতে পাকিস্তানের ব্যাটিংয়ে কিছুটা ধীরগতি দেখা যায়। আগের দিন দারুণ ছন্দে থাকা বাবর আজমও এদিন খোলস থেকে বের হতে পারেনি। ২১ বল খেলে মাত্র ২ রান করে রানআউট হয়ে সাজঘরে ফেরেন তিনি।

তবে একপ্রান্ত আগলে রেখে দারুণ সেঞ্চুরি তুলে নেন আব্দুল্লাহ শফিক। শেষ পর্যন্ত ১৬০ রান করে তিনি অপরাজিত থাকেন। পাকিস্তানের প্রথম ইনিংস থামে ৩৮৭ রানে। উইন্ডিজের হয়ে একেই ৬ উইকেট শিকার করেন জোমেল ওয়ারিক্যান।

প্রথম ইনিংসে ৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে ব্র্যান্ডন কিং ওপেনিংয়ে নামতে না পারায় তেজনারাইন চন্দরপলের সঙ্গে ইনিংস শুরু করেন কাভেম হজ। পেসারদের সামলে এই জুটি ৪০ রান তুললেও স্পিন আক্রমণ আসতেই ভেঙে পড়ে ক্যারিবীয় ইনিংস।

চন্দরপলকে (১৭) ফিরিয়ে প্রথম ধাক্কা দেন সাজিদ খান। এরপর একে একে সাজিদ ও আলি উসমানদের ঘূর্ণিতে টিকতেই পারেননি উইন্ডিজ ব্যাটাররা। দিনের শেষভাগে হোপ, সিলস ও শেষ বলে রস্টন চেইস সাজঘরে ফিরলে বড় বিপদে পড়ে স্বাগতিক দল। চার রানের ব্যবধানে শেষ তিন উইকেট হারিয়ে দিন শেষে এখন পরাজয়ের শঙ্কায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ১০৫.৪ ওভারে ৩৪৪/১০

পাকিস্তান ১ম ইনিংস : ১১৫ ওভারে ৩৮৭/১০

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস : ৪০.৫ ওভারে ১০৩/৬ (চন্দরপল ১৭, হজ ৩৪, জাঙ্গু ১৩, চেইস ১৭, হোপ ১৫, সিলস ০, গ্রেভস ১*; আলি ৮-১-২৮-০, উবেইদ ৪-০-১৩-০, উসমান ১৬.৫-৩-২৯-২, সাজিদ ১২-২-৩২-৪)।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ