• ঢাকা
  • |
  • বুধবার ৩রা আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৫:৪৯ (17-Jun-2026)
  • - ৩৩° সে:

৪ উইকেটে হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

১৭ জুন ২০২৬ বিকাল ০৫:৫২:৩৫

৪ উইকেটে হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: ভালো শুরুর পরও ব্যাটিংয়ে ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হলো বাংলাদেশ। এলোমেলো ব্যাটিংয়ে ১৩১ রানের পুঁজি নিয়েই খুব একটা লড়াই করতে পারেনি স্বাগতিকরা। কুপার কনলির ঝোড়ো ইনিংস এবং অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণের সামনে প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ।

১৭ জুন বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেয় বাংলাদেশ। অধিনায়ক তাওহীদ হৃদয়ের সিদ্ধান্তে ইনিংস শুরু হলেও ১৯ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১৩১ রানে থেমে যায় টাইগাররা।

পাওয়ার প্লেতে ২ উইকেটে ৫১ রান তুলে আশাব্যঞ্জক শুরু করলেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ১০ এবং সাইফ হাসান ২০ রান করে ফিরে যান। এরপর ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয় ৮ রানে আউট হলে শুরু হয় ধস।

মাঝে সৌম্য সরকার ১৭, পারভেজ হোসেন ইমন ১০, শামীম পাটোয়ারী ১ এবং অভিষিক্ত আব্দুল গাফফার সাকলাইন ১০ কেউই বড় ইনিংস খেলতে পারেননি। এক প্রান্তে লড়াই চালিয়ে যান শেখ মেহেদী হাসান। ২২ বলে ২৮ রানের অপরাজিত ইনিংসে তিনি দলকে কিছুটা সম্মানজনক স্কোরে নিয়ে যান।

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের বড় কারণ হয়ে দাঁড়ায় অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণ। অ্যাডাম জাম্পা, ম্যাট রেনশ, জোয়েল ডেভিস এবং নিখিল চৌধুরী এই চার স্পিনার মিলে ১২ ওভারে মাত্র ৭৫ রান দিয়ে তুলে নেন ৯ উইকেট, যা অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ইতিহাসে স্পিনারদের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাটিং করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওভারে জশ ইংলিস (৫) আউট হলেও চাপ তৈরি করতে পারেনি বাংলাদেশ। অধিনায়ক মিচেল মার্শও ৫ম ওভারে বিদায় নেন।

এরপর কুপার কনলি ২৭ বলে ৪৭ রানের দারুণ ইনিংস খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নেন। তাকে থামান অভিষিক্ত সাকলাইন। টিম ডেভিড ১৬ বলে ২০ রান করেন।

শেষ দিকে জেভিয়ার বার্টলেট প্রথম বলেই চার মেরে দলকে জয় এনে দেন। জয় থেকে ৩ রান দূরে থাকতে আউট হন ম্যাট রেনশ ১৮। তবে তখনও অস্ট্রেলিয়ার হাতে যথেষ্ট উইকেট থাকায় কোনো নাটকীয়তা হয়নি।

১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩১ রানের লক্ষ্য টপকে যায় সফরকারীরা। ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us