ফের কক্সবাজারের হোটেলে আগুন
ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিন্সেস’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় হোটেলটিতে তিন শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা সবাই নিরাপদে হোটেল থেকে বেরিয়ে আসেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।২৩ অক্টোবর শুক্রবার বিকেল ৪টার দিকে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মী ও হোটেল কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে পার্কিং এলাকার জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুতই নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।দ্য সি প্রিন্সেসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জানান, আমাদের যথেষ্ট অগ্নিনির্বাপক ব্যবস্থা রয়েছে। কর্মীদের দক্ষতায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, পর্যটকেরা নিরাপদে আছেন।প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকায় ‘টুপটুপ’ নামের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়। ওই ঘটনার এক সপ্তাহের ব্যবধানে কক্সবাজারের আরেকটি পর্যটন আবাসনে আগুন লাগার ঘটনা ঘটল।এটিভি/এসআইআর