অজানা শহিদদের নাম সংরক্ষণ জরুরি: হুমাম কাদের চৌধুরী
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নবনির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, দেশের ইতিহাস ধীরে ধীরে বিকৃত হওয়ার ঝুঁকিতে রয়েছে। শহিদদের তালিকায় কয়েকজনের নাম বারবার উচ্চারিত হলেও স্বাধীনতার এত বছর পরও অসংখ্য শহিদের নাম অজানা রয়ে গেছে। একইভাবে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও অনেক শহিদের নাম সময়ের সঙ্গে হারিয়ে যাচ্ছে।২১ ফেব্রুয়ারি শনিবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, রাজনৈতিক কারণে শহিদদের তালিকা সীমাবদ্ধ রাখা হয়েছে, যা জাতির জন্য দুঃখজনক। শহিদদের নাম সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করা হলে ভবিষ্যৎ প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারবে।ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ না করে রাঙ্গুনিয়ায় উপস্থিত থাকার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘অনেক নেতা ঢাকায় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। কিন্তু রাঙ্গুনিয়ার মানুষ আমাকে নির্বাচিত করেছেন, তাই তাদের সঙ্গে থাকা এবং স্থানীয় কর্মসূচিতে অংশ নেওয়াকে আমি আমার দায়িত্ব মনে করি।’উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান।অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তার, রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান হোসেন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিচ মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী নুর, শিক্ষার্থী মো. হাবিব ও সুমি আক্তারসহ অনেকে। সঞ্চালনা করেন শিক্ষক এম মোরশেদ আলম।অনুষ্ঠানে মহান ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।