ফয়সাল ও আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিল এনআইএ
নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত শরিফ ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) দিল্লিতে নিয়ে গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, ২৩ মার্চ সোমবার রাতে কলকাতা থেকে তাদের বিমানে করে দিল্লিতে স্থানান্তর করা হয়।এর আগে ২২ মার্চ রোববার কলকাতার বিধাননগর আদালতে এনআইএ তাদের জেরা করার আবেদন করে। বিচারক প্রথমে সম্মতি দেন। তবে ২৩ মার্চ সকালে এনআইএ নতুন পিটিশন দিয়ে জানায়, দমদম কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তার কারণে তারা সেখানে জিজ্ঞাসাবাদ করতে চায় না। এরপর আদালত অনুমতি দেন, রাতেই অভিযুক্তরা দিল্লিতে স্থানান্তরিত হন।রোববার বিচারক নিশান মজুমদার ফয়সাল করিম ও আলমগীরকে ১২ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্তরা আদালতে দাবি করেন, তারা হত্যাকাণ্ডে জড়িত নন এবং রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। ফয়সাল আরও বলেন, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেছে, তবে গুলি করার দৃশ্য নেই।মামলার অন্য অভিযুক্ত ফিলিপ সাংমাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তাকে আগামী ৩ এপ্রিল পুনরায় আদালতে হাজির করা হবে।