সেই জার্সি পরেই সংসদে শপথ নিতে এলেন হাসনাত
নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ এবারও আলোচনায়। আন্দোলনের সময় যে জার্সিটি পরে তাকে প্রায়ই দেখা যেত, সেই ‘ঐতিহাসিক’ জার্সি পরেই তিনি জাতীয় সংসদ ভবনে শপথ নিতে হাজির হয়েছেন।১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে শপথ নিতে এসেছেন তিনি। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এমপিদের সঙ্গেও তিনি উপস্থিত হন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সব ভোটকেন্দ্রে জয় পেয়ে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন হাসনাত।বর্তমানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্বে আছেন হাসনাত। এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই তার সেই জার্সি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছিল শপথের দিনও তিনি এটি পরবেন কি না, তা নিয়ে ছিল কৌতূহল। শেষ পর্যন্ত সেই জার্সি পরেই সংসদ ভবনে প্রবেশ করেন তিনি।এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ জামায়াতের একাধিক নেতাকেও সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায়।এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটির এমপিরা শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।পরে জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভায় তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নির্বাচিত করা হয়।