• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:১৩:১৪ (01-Aug-2026)
  • - ৩৩° সে:
প্রতিমন্ত্রীর ভাইরাল ভিডিওর সঙ্গে ছবি জুড়ে অপপ্রচার, মুখ খুললেন তরুণী

প্রতিমন্ত্রীর ভাইরাল ভিডিওর সঙ্গে ছবি জুড়ে অপপ্রচার, মুখ খুললেন তরুণী

ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ঘিরে ভাইরাল হওয়া একটি ভিডিওর সঙ্গে নিজের ছবি জুড়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন পঞ্চগড়ের তরুণী রাহেমীন মারিয়া এলিন। তিনি দাবি করেছেন, ভাইরাল ভিডিওতে থাকা নারীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। পরিকল্পিতভাবে তার ব্যক্তিগত ছবি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে।৩১ জুলাই শুক্রবার বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।লিখিত বক্তব্যে রাহেমীন মারিয়া এলিন জানান, তিনি পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। ছোটবেলায় বাবা-মাকে হারানোর পর নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি একটি রেস্টুরেন্টে একটি সংগঠনের কর্মসূচি নিয়ে আলোচনার সময় পানিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে একটি ছবি তোলেন। পরে প্রতিমন্ত্রীকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে, সেই ভিডিওর সঙ্গে তার ছবিও জুড়ে দিয়ে বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে ভিন্ন পরিচয়ে প্রচার চালানো হয়।তিনি বলেন, ‘ভাইরাল ভিডিওতে থাকা নারী আমি নই। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গেও জড়িত নই। অথচ আমাকে কখনো ভিন্ন ধর্মাবলম্বী, আবার কখনো ভিন্ন পরিচয়ের ব্যক্তি হিসেবে উপস্থাপন করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এতে আমার ব্যক্তিগত সম্মান, সামাজিক অবস্থান ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে।’রাহেমীন মারিয়া এলিন আরও জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার কয়েক দিন আগে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবিটি পোস্ট করেছিলেন। পরে অপপ্রচারের আশঙ্কায় ছবিটি মুছে ফেললেও এর আগেই কেউ সেটি সংরক্ষণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।তিনি বলেন, এ ঘটনার পর থেকে তিনি চরম মানসিক চাপে রয়েছেন এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতেও সংকোচ বোধ করছেন।সংবাদ সম্মেলনে অপপ্রচারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।সূত্র: দেশ রূপান্তর