• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৪২:৩৯ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে বড় প্রভাব ফেলবে না: জাহেদ উর রহমান

৬ জুন ২০২৬ সকাল ১১:৫২:২৬

বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে বড় প্রভাব ফেলবে না: জাহেদ উর রহমান

ডেস্ক রিপোর্ট: বিদ্যুতের দাম বাড়লেও বাজারে এর বড় ধরনের প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, কেউ অন্যায়ভাবে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আজ ৬ জুন শনিবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাজেটের আগে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, ভর্তুকির চাপ কমাতে সরকারকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, বাজারে বিশেষ করে কাঁচাবাজার ও সবজির দাম আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি বলেন, অতিরিক্ত ভর্তুকি সরকারের ওপর বড় আর্থিক চাপ তৈরি করে। অথচ স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সরকারের ব্যয় অব্যাহত রাখতে হয়। এসব খাতে অর্থায়নের জন্যও বাস্তবসম্মত সিদ্ধান্ত প্রয়োজন।

জাহেদ উর রহমান আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব থেকে নিম্ন আয়ের মানুষকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে সরকার। তাদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাও সম্প্রসারণ করা হচ্ছে।

তিনি জানান, নতুন বাজেটে আরও বেশি মানুষ ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন। পাশাপাশি টিসিবিসহ সরকারের অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচিও চালু থাকবে।

সূত্র: ঢাকা পোস্ট

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us