লংমার্চের প্রস্তুতি নিয়ে টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন
টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-রংপুর ২য় লংমার্চ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সংবাদ সম্মেলন করেছে টাঙ্গাইল জেলা ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ। ১২ সেপ্টেম্বর শনিবার টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী ১৯ সেপ্টেম্বরের কর্মসূচির সার্বিক প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, এনসিপির সেক্রেটারি মাসুদুর রহমান রাসেল, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা কামরুল হাসান, সেক্রেটারি মাওলানা যায়েদ হাবিব, জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, কর্মপরিষদ সদস্য ওবায়দুল রহমান কুরাইশী এবং শহর আমির মিজানুর রহমান চৌধুরীসহ ১১ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ জানান, ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় গোড়াই থেকে লংমার্চকে স্বাগত জানানো হবে। গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত পুরো রাস্তায় প্রায় লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত থাকবেন।তিনি আরও জানান, সকাল ৯টায় টাঙ্গাইলের আশেকপুর বাইপাসে (নগর জালফৈ) একটি পথসভা অনুষ্ঠিত হবে। পথসভায় বক্তব্য দেবেন প্রধান বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এবং খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।আহসান হাবীব মাসুদ বলেন, "নামে এটি পথসভা হলেও সেখানে জনসমুদ্রের সৃষ্টি হবে। মহাসড়কের পাশে সভা হলেও সাধারণ মানুষের ও যানবাহন চলাচলের যাতে কোনো অসুবিধা না হয়, আমরা সেদিকে বিশেষ খেয়াল রাখব।"সরকারের সমালোচনা করে তিনি বলেন, "প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়ন করা গেলে কোনো সরকার আর স্বেচ্ছাচারী হতে পারবে না। সরকার দাবি না মানলে আমরা জনগণের রায় ছেড়ে দেব না। সরকার ভালো কাজ করলে আমরা সমর্থন দেব, আর মন্দ কাজ করলে তার তীব্র বিরোধিতা ও প্রতিরোধ গড়ে তুলব।" তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার কুরআনের বিধানের বিপরীতে সম্পদ বণ্টন আইন করেছে, যা মানার কোনো সুযোগ নেই।সংবাদ সম্মেলনে জেলা আমির অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, সকল গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবিতে ঘোষিত এই লংমার্চ কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।তিনি বলেন, "দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে ঘোষিত ঢাকা-রংপুর লংমার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাঙ্গাইলবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এই কর্মসূচিতে অংশ নেওয়ার অনুরোধ জানাচ্ছি। যেকোনো মূল্যে রাজপথের এই কর্মসূচি সফল করে গণমানুষের দাবি আদায় করা হবে, ইনশাআল্লাহ।"সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, আগামী ১৯ সেপ্টেম্বরের পথসভা ও লংমার্চ সফল করার লক্ষ্যে টাঙ্গাইলের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে ইতিমাজেই ব্যাপক গণসংযোগ জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।