ডেস্ক রিপোর্ট: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি-দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে শান্তিপূর্ণ লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য।
৪ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের সর্বশেষ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, লংমার্চের উদ্বোধনী সমাবেশ সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে অনুষ্ঠিত হবে। এরপর পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মিরসরাইয়ে পথসভা হবে। সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।
গোলাম পরওয়ার বলেন, আমরা এখন পর্যন্ত যে খবর পেয়েছি, সেখানে জনতার ঢল নামবে।’ লংমার্চ সফল করতে ইতোমধ্যে সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
লংমার্চে প্রশাসনের সহযোগিতা চেয়ে জামায়াতের এই নেতা বলেন, ক্ষমতাসীন দলের অধীনে প্রশাসন, আমলাসহ বিভিন্ন সংস্থা রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের পর বিরোধী দল জনগণের দুর্ভোগ লাঘবে সংসদের ভেতরে ও বাইরে নিয়মতান্ত্রিক, গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে।
তিনি বলেন, ‘সরকারের প্রতি আমাদের অনুরোধ, বিরোধী দলের সর্ববৃহৎ শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে সফল করতে সকল প্রশাসনিক সহযোগিতা দিয়ে সরকার জনগণের আস্থায় থাকবে।’
লংমার্চে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করা হলে সরকার ও সরকারি দল জনগণের আস্থা হারাবে বলে সতর্ক করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘যদি সরকারের কোনো দল বা কেউ লংমার্চে কোনো প্রতিকূল পরিবেশ তৈরি করে, তাহলে তারা জনগণের আস্থা হারাচ্ছেন, আরও হারাবে এবং জনরোষের মুখোমুখি হবে।’
গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, সরকার গঠনের ছয় মাস পার হলেও গণভোটের গণরায় বাস্তবায়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং গণরায় বাস্তবায়ন থেকে সরকার মুখ ফিরিয়ে নিয়েছে।
গোলাম পরওয়ার বলেন, ‘গণভোটের গণরায়ে কোনো নোট অব ডিসেন্ট নেই। গণভোটে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়েছে। আমরা জুলাই বিপ্লবের রক্তের বিনিময়ে একসঙ্গে স্বপ্নের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি।’
তবে ১১ দল সরকার উৎখাতের কোনো আন্দোলন করছে না জানিয়ে তিনি বলেন, ‘জনগণের ও আমাদের দাবি হলো গণভোটের গণরায়কে আপনারা মেনে নেন। আমাদের ছয় দফা আপনারা মেনে নিন।’
রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর বিরোধী দল ও সরকারি দলের মধ্যে পরমতসহিষ্ণুতা রয়েছে—এটি প্রমাণিত হওয়া দরকার।
তিনি বলেন, এখন পর্যন্ত লংমার্চ ঘিরে কোনো নাশকতার আশঙ্কা করছেন না তারা। নিরাপদ ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলে জনগণের জানমালের ক্ষয়ক্ষতির কোনো কারণ নেই।
তিনি জানান, লংদর্চকে অভিবাদন জানাবে বলেও দাবি করেন তিনি।
লংমার্চের শৃঙ্খলা সম্পর্কে গোলাম পরওয়ার বলেন, অংশগ্রহণকারী ডেলিগেটরা গাড়ি থেকে নেমে পথসভায় যোগ দেবেন না। স্থানীয় শাখাগুলো এসব পথসভা বাস্তবায়ন করবে। বহরে থাকা গাড়িগুলোতে নির্দিষ্ট স্টিকার থাকবে। চলমান অবস্থায় কোনো গাড়ি বহরের সঙ্গে যুক্ত হতে পারবে না; নতুন গাড়ি যুক্ত হলে বহরের শেষে যুক্ত হবে। সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য গণমাধ্যমের গাড়িও বহরের সঙ্গে থাকার সুযোগ পাবে।
এর আগে অনুষ্ঠিত প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসাইন মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, এবি পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ফখরুল ইসলাম, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসাইনসহ ১১ দলীয় জোটের নেতারা।
বৈঠক শেষে ১১ দলের নেতারা দেশবাসী ও দলের নেতাকর্মীদের ধৈর্য, সাহস ও শৃঙ্খলার সঙ্গে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার আহ্বান জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available