১২ দিন পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটি কাটিয়ে দীর্ঘ ১২ দিন পর ফের ইউরিয়া সার উৎপাদনে ফিরেছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা।৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত থেকে পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু করেছে কারখানা কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক।কারখানা সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে তারাকান্দি এলাকায় প্রতিষ্ঠিত যমুনা সার কারখানা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বজায় রাখতে প্রতিদিন গড়ে ৪২ থেকে ৪৩ পিএসআই গ্যাসের প্রয়োজন হয় কারখানাটির।দীর্ঘ ২৩ মাস গ্যাস সংকটের কারণে বন্ধ থাকার পর গত বছরের ২৩ ডিসেম্বর গ্যাস সংযোগ পাওয়ায় কারখানায় পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়। তবে গত ২২ জানুয়ারি রাতে আবারও গ্যাস সংকট দেখা দেয় এবং একই সঙ্গে বুস্টার কম্প্রেসারে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।পরবর্তীতে টানা ১১ দিন ধরে বুস্টার কম্প্রেসার মেরামতের কাজ শেষে ১২ দিনের মাথায় মঙ্গলবার রাত থেকে পুনরায় উৎপাদন শুরু করা হয়।এ বিষয়ে উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক বলেন, ‘গত ২২ জানুয়ারি গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ ছিল। প্রয়োজনীয় মেরামত ও গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় ১২ দিন পর আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু করা সম্ভব হয়েছে।’