ভোলার গ্যাস মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: সংসদে প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে নিতে হলে প্রায় ৭ বছর সময় লাগবে। তিনি বলেন, ভোলার গ্যাস স্থানীয়ভাবে ব্যবহার করে সেখানে শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি গ্যাস ব্যবহার করে একটি সার কারখানা এবং ৫০০ মেগাওয়াটের আরেকটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।৯ সেপ্টেম্বর বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।সুলতানা আহমেদ জানতে চান, শিল্প ও রপ্তানি খাতে নিরবচ্ছিন্ন উৎপাদন ধরে রাখতে ভোলার গ্যাস মূল ভূখণ্ডের পাইপলাইনের সঙ্গে যুক্ত করা কিংবা জরুরি ভিত্তিতে ভাসমান প্রযুক্তির মাধ্যমে সরবরাহ নিশ্চিত করতে সরকারের কোনো ‘ফাস্ট ট্র্যাক’ কর্মসূচি বা পরিকল্পনা রয়েছে কিনা।জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ভোলার যে গ্যাসটি আছে, এই গ্যাসটিকে যদি আমরা পাইপলাইনের মাধ্যমে মেইনল্যান্ডে নিয়ে আসতে চাই, তাহলে সেই পরিকল্পনা যদি আমরা গ্রহণ করি, অন্তত ৭ বছরের মতো সময় লাগবে।’তিনি বলেন, সরকার ভোলায় শিল্প-কারখানা স্থাপনের সম্ভাবনা কাজে লাগাতে চায়। ইতিমধ্যে কিছু শিল্প উদ্যোক্তা সেখানে গ্যাসনির্ভর শিল্প স্থাপনের চেষ্টা করছেন। এর ফলে সেখানে কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় অর্থনীতির আকারও বৃদ্ধি পাবে।ভোলার গ্যাস দেশের মানুষের স্বার্থে সঠিকভাবে ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেখানে একটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ৫০০ মেগাওয়াটের আরেকটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগও নেওয়া হচ্ছে।সূত্র: কালের কণ্ঠ