মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার হিজুলী বাজারে অবৈধভাবে পেট্রোল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।২২ এপ্রিল বুধবার দুপুর ১২টার দিকে হিজুলী বাজারে অবস্থিত রিশাদ এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।অভিযানকালে দোকানের পাশাপাশি বাড়ির পাশের একটি জঙ্গল থেকে প্লাস্টিকের ড্রামে সংরক্ষিত মোট ১৪০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। জানা যায়, প্রতিষ্ঠানটির মালিক মো. আরিফুর রহমান (আরিফ) দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলেন।এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনাকারী কর্মকর্তা আসাদুজ্জামান রুমেল জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, উদ্ধারকৃত পেট্রোল সরকারি দামে বিক্রি করা হবে।অভিযান চলাকালে জেলা ক্যাব ও র্যাবের একটি দল সহযোগিতা প্রদান করে।