ককটেলসহ গাংনীর ‘বোমা হোসেন’ গ্রেফতার
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী এলাকা থেকে পরিত্যক্ত ককটেলের তদন্তের সূত্র ধরে ‘বোমা হোসেন’ নামে এক আলোচিত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।২২ আগস্ট ভোরে তার নিজ বাড়ি থেকে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়।গ্রেফতার আসামি মো. হোসেন আলী ওরফে বোমা হোসেন (৫০) উপজেলার পূর্ব মালসাদাহ গ্রামের মৃত ওহিল উদ্দিন ও মোছা. মহিমা খাতুনের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গাংনী থানা এলাকায় পূর্বে উদ্ধার হওয়া বিভিন্ন পরিত্যক্ত ককটেলসদৃশ বস্তুর তদন্ত চলাকালে পুলিশ বোমা হোসেনের সম্পৃক্ততা ও অবস্থান চিহ্নিত করে।পরে বিশেষ অভিযান চালিয়ে তাকে কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকা থেকে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার ভোররাত আনুমানিক ২টার দিকে তার নিজ ঘরে অভিযান চালানো হয়। সেখানে আসামির দেখানো মতে দুটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।গাংনী থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরি জানান, গ্রেফতার বোমা হোসেনের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ৭টি মামলায় জিআর ওয়ারেন্ট (গ্রেফতারি পরোয়ানা) বিচারাধীন রয়েছে।এ বিষয়ে গাংনী থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।