লন্ডনে দুই দিনব্যাপী বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ব্রেডি আর্টস সেন্টারে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বইমেলা-২০২৬। সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্যের আয়োজনে ২৭ ও ২৮ জুন অনুষ্ঠিত এই মেলায় লেখক, পাঠক, প্রকাশক ও সংস্কৃতিপ্রেমীদের প্রাণবন্ত অংশগ্রহণে প্রবাসে যেন এক টুকরো বাংলাদেশের আবহ তৈরি হয়।প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই বইমেলায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান স্টল সাজায়। নতুন বইয়ের মোড়ক উন্মোচন, লেখক-পাঠক আড্ডা, কবিতা আবৃত্তি, সাহিত্য আলোচনা, সেমিনার এবং সংগীতানুষ্ঠানে মুখর ছিল পুরো আয়োজন।প্রথম দিনের উদ্বোধনী আয়োজনে একুশে পদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক রূপা চক্রবর্তীসহ যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।সংগঠনের সভাপতি কবি মোহাম্মদ ইকবাল বলেন, ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকেই সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে। সাধারণ সম্পাদক উদয় শংকর দুর্জয় বলেন, বইমেলা শুধু বই কেনাবেচার আয়োজন নয়, এটি প্রবাসী বাঙালিদের সাহিত্য-সংস্কৃতির মিলনমেলায় পরিণত হয়েছে।মেলায় নতুন প্রকাশিত বেশ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এর মধ্যে কবি আসমা মতিনের উপন্যাস ‘পরী কাহিনী’ এবং কবি জান্নাতুল ফেরদৌস ডলির কাব্যগ্রন্থ ‘মনের সীমানা নেই’ উল্লেখযোগ্য।এবারের বইমেলায় সাহিত্য পদক-২০২৬ পেয়েছেন কবি মাশূক ইবনে আনিস। গুণিজন সম্মাননা-২০২৬ প্রদান করা হয়েছে গবেষক ফারুক আহমদকে। এছাড়া বেস্ট পারফর্মিং মেম্বার অ্যাওয়ার্ড-২০২৬ পেয়েছেন উপস্থাপক হেনা বেগম ও নুরজাহান শিল্পী।দ্বিতীয় দিনের সমাপনী আয়োজনের প্রধান আকর্ষণ ছিলেন ভারতীয় সংগীতশিল্পী সাহানা বাজপেয়ী। তাঁর পরিবেশিত বাংলা গান দর্শকদের মুগ্ধ করে। আয়োজকদের মতে, বাংলাদেশ বইমেলা এখন প্রবাসী নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।সূত্র: নিউজ ২৪