বদলগাছীতে মুদি দোকানের সামনে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: নওগাঁর বদলগাছী উপজেলার ঝাড়গড়িয়া এলাকায় একটি মুদি দোকানের সামনে থেকে ছয়টি ককটেল ও চারটি পেট্রোল বোমা উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথদল।১১ ফেব্রুয়ারি বুধবার ভোরে বদলগাছী-আক্কেলপুর সড়কের পাশে একটি মুদি দোকানের পেছনে বস্তাবন্দি অবস্থায় এসব বিস্ফোরক রাখা হয় বলে জানা গেছে। দুষ্কৃতিকারীরা একটি বস্তার ভেতর ছয়টি বোতল ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জামাদি ভরে রেখে যায়।সকাল ছয়টার দিকে দোকান খুলতে এসে ব্যবসায়ী সম্পদ সরদার বস্তাটি দেখতে পেয়ে বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানান। পরে বদলগাছী ও জয়পুরহাট থেকে র্যাব সদস্যরা ঘটনাস্থলে এসে বস্তা খুলে ককটেল, পেট্রোল বোমা এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন।এ সময় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা এলাকাটি ঘিরে রাখেন। পরে উদ্ধারকৃত বোমা ও সরঞ্জামাদি নিরাপদে সরিয়ে নিয়ে ডেটোনেটরের মাধ্যমে ধ্বংস করা হয়।বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান জানান, ‘আগামীকালের ভোটকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা সড়কের পাশে এসব বিস্ফোরক ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্তে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।’