• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই শ্রাবণ ১৪৩৩ সকাল ০৮:২২:৪২ (30-Jul-2026)
  • - ৩৩° সে:
দেওয়ানগঞ্জে নকলের দায়ে ১২ ডিগ্রি পরীক্ষার্থী বহিষ্কার

দেওয়ানগঞ্জে নকলের দায়ে ১২ ডিগ্রি পরীক্ষার্থী বহিষ্কার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি পরীক্ষায় নকল করার দায়ে ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।২৫ জুলাই শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে দেওয়ানগঞ্জ সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজ কেন্দ্র পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এ ব্যবস্থা নেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি পরীক্ষা চলাকালে কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। এ সময় কয়েকজন পরীক্ষার্থীর কাছে নকলের কাগজ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।বহিষ্কৃতদের মধ্যে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ডিগ্রি কলেজের ৬ জন এবং কাঠারবিল এম এম মেমোরিয়াল কলেজের ৬ জন পরীক্ষার্থী রয়েছেন। নকলের অভিযোগ প্রমাণিত হওয়ায় পরীক্ষার হল থেকেই মোট ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, ‘পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বা নকল বরদাস্ত করা হবে না। সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’পরীক্ষা কেন্দ্রে প্রশাসনের এমন কঠোর তদারকিকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষক ও সচেতন অভিভাবকরা। তাদের মতে, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার মান ও মূল্যায়নের স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।