মাদুরোকে ধরার অভিযানে যুক্ত মার্কিন সেনা গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের সঙ্গে যুক্ত থাকার সময় গোপন তথ্য ব্যবহার করে অনলাইন বাজির মাধ্যমে অর্থ আয় করার অভিযোগে যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সদস্যকে গ্রেফতার করা হয়েছে।যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অভিযোগ অনুযায়ী, মাস্টার সার্জেন্ট গ্যানন কেন ভ্যান ডিক নামের ওই সেনা সদস্য গোপন সামরিক তথ্য ব্যবহার করে একাধিক অনলাইন বাজি ধরেন এবং প্রায় ৪ লাখ ডলারের বেশি অর্থ আয় করেন।তদন্তে বলা হয়, তিনি ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির শুরু পর্যন্ত মোট ১৩টি বাজি ধরেন, যেখানে তিনি ধারণা করেছিলেন মাদুরো শিগগিরই ক্ষমতা হারাবেন।অভিযোগে আরও বলা হয়েছে, অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত থাকার সময় তার কাছে সংবেদনশীল ও শ্রেণিবদ্ধ তথ্য (গোপন তথ্য) ছিল, যা ব্যবহার করে তিনি আর্থিকভাবে লাভবান হন।প্রসিকিউটরদের দাবি, অর্জিত অর্থ তিনি প্রথমে বিদেশি ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টে স্থানান্তর করেন এবং পরে বিভিন্ন অ্যাকাউন্টে সরিয়ে নেন, যাতে অর্থের উৎস গোপন থাকে।তার বিরুদ্ধে গোপন সরকারি তথ্যের অপব্যবহার, জালিয়াতি, তথ্য চুরি এবং অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার দীর্ঘমেয়াদি কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।আইন বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনা বিরল, যেখানে সামরিক গোপন তথ্য ব্যবহার করে ব্যক্তিগত আর্থিক লাভ নেওয়ার অভিযোগ সামনে এসেছে। এ ঘটনার পর অনলাইন ভবিষ্যদ্বাণীমূলক বাজি বা প্রেডিকশন মার্কেট নিয়েও নতুন করে নজরদারির আলোচনা শুরু হয়েছে।সূত্র: সিএনএন