ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নির্বাচনী ছুটি শেষে একযোগে রাস্তায় নেমেছে পণ্যবাহী ট্রাক ও কভারভ্যান। এতে দেশের গুরুত্বপূর্ণ তিনটি সড়ক— ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।১৮ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯টা থেকে এসব সড়কে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় হাজার হাজার যানবাহন।স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি ধীরগতিতে চলাচল করছে। অনেক স্থানে যানবাহন দীর্ঘ সময় এক জায়গায় স্থির হয়ে থাকায় যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিশেষ করে পণ্যবাহী ট্রাকের চাপ বেশি থাকায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না।পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ঢাকা-সিলেট মহাসড়কের কয়েকটি অংশে চলমান সড়ক সম্প্রসারণ কাজ। নির্মাণকাজের কারণে যান চলাচলের জন্য সড়কের পরিসর সংকুচিত হয়ে পড়েছে, ফলে যানজট তীব্র আকার ধারণ করেছে।কাঁচপুর হাইওয়ে পুলিশ–এর টি আই ইন্সপেক্টর মোহাম্মদ সাহাবুর রহমান জানান, নির্বাচনের কারণে কয়েকদিন পণ্যবাহী ট্রাক ও কভারভ্যান চলাচল বন্ধ ছিল। ছুটি শেষ হওয়ার পর সব যানবাহন একসঙ্গে রাস্তায় নামায় এই অচলাবস্থা তৈরি হয়েছে। তবে মদনপুরের পরবর্তী সড়কগুলো এখনো তুলনামূলক স্বাভাবিক রয়েছে।তিনি আরও বলেন, সামনে পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীরা পণ্য পরিবহন বাড়িয়ে দিয়েছেন। যাত্রীবাহী বাসের চাপ তুলনামূলক কম হলেও পণ্যবাহী ট্রাক ও কভারভ্যানের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় যানজট দীর্ঘস্থায়ী হচ্ছে।হাইওয়ে পুলিশ জানিয়েছে, যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।